খালেদা খুনিদের পৃষ্ঠপোষক
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া খুনিদের গডফাদার ও পৃষ্ঠপোষক। ওনি তো খুনিদের আশ্রয় দিয়ে থাকেন। তাঁর ছেলে তারেক রহমান প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে পালিয়ে আছেন।’ খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় রূপালী ব্যাংকের ৫০৪তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে হানিফ বক্তব্য রাখছিলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, ‘হলমার্কের চেয়ারম্যানসহ সব কর্মকর্তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে সোনালী ব্যাংকের সব পাওনা টাকা পরিশোধ করা হবে। তাদের বিরুদ্ধে আজই মামলা হবে। তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’ ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহম্মদ আল কবির, জেলা প্রশাসক বনমালী ভৌমিকসহ আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন। এরপর বেলা তিনটার দিকে প্রায় ৫০৪ মিটার দীর্ঘ কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাহবুব উল আলম হানিফ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ঢাকার আনোয়ার হোসেন নামের এক ঠিকাদার এ সেতু তৈরির কার্যাদেশ পেয়েছেন। প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে ২১ মাসের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় সেখানে এলজিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুর রহমান, হরিপুর সেতুর প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সিদ্দিক, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী গোলাম কবিরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।কুষ্টিয়া-হরিপুর সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি আলিমুজ্জামান টুটুল বলেন, ‘যেদিন হানিফ সাহেব গাড়ি নিয়ে সেতুর ওপর দিয়ে হরিপুর আসবেন, সেদিন হরিপুরবাসীর স্বপ্ন পূর্ণ হবে। আর এর প্রতিদান হরিপুরবাসী হানিফ সাহেবকে দিবে।’প্রসঙ্গত, ২০০৬ সালের ২২ অক্টোবর একই স্থানে তত্কালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সাংসদ সোহরাব উদ্দিন এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সে সময় সেতুর কোনো কাজ হয়নি।