খালেদা গণক না জ্যোতিষী, প্রশ্ন দিলীপের
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার প্রশ্ন, খালেদা জিয়া গণক না জ্যোতিষী? ‘আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না’—বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে মন্ত্রী এ প্রশ্ন তোলেন।মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া গণক না জ্যোতিষী যে তিনি আগেই জেনে গেছেন, আওয়ামী লীগ ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আসলে খালেদা জিয়া গণতান্ত্রিক অভিরুচিই হারিয়ে ফেলেছেন। তিনি আর গণতান্ত্রিক ভাষায় কথা বলতে পারেন না।’শিল্পমন্ত্রী আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।শিল্পমন্ত্রী টক শোর বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়েন। তাঁর ভাষায়, ‘যারা টক শো করেন, তাঁরা আসলে জেগে ঘুমান। এ কারণেই সরকারের কোনো উন্নয়ন দেখতে পান না।’ টক শো কোনো গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘টক শো অতীতে ভাষা-আন্দোলন, আইয়ুব-বিরোধী আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ, স্বৈরাচার-বিরোধী আন্দোলনসহ কোনো গণ-আন্দোলনে ভূমিকা রাখেনি।’ যারা টক শো করেন, তাঁদের মনমানসিকতা জনগণের ওপর নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের মানসিকতা আসলে অদৃশ্য শক্তির ওপর। আপনারা মনে করেন, অদৃশ্য শক্তিই আপনাদের ক্ষমতায় বসাবে।’সংগঠনের চেয়ারম্যান মোসতাক আহমদ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিলীপ বড়ুয়া বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়, তাদের কোনো লাভ হবে না।’‘শর্ত দিয়ে আলোচনা হয় না’ মন্তব্য করে বিরোধী দলের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। তাই আপনাদের যা বলার সংসদে এসেই বলতে হবে। সংসদই একমাত্র আলোচনার কেন্দ্রবিন্দু। আপনাদের যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে সংসদে এসে কথা বলুন।’ তিনি বলেন, বিরোধী দল আসলে নৈরাজ্য-চক্রান্ত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা রাজপথে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করবে, কিন্তু সংসদে যাবে না। বাসস।