খালেদা-জামায়াত সুনির্দিষ্ট অ্যাজেন্ডা নিয়ে অরাজকতা চালাচ্ছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও জামায়াত একটি সুনির্দিষ্ট অ্যাজেন্ডা নিয়ে দেশে অরাজকতা চালাচ্ছে। এভাবে অরাজকতা ও নাশকতা করে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না। তাই জামায়াত-শিবিরের অরাজকতা এবং খালেদা জিয়ার হুমকি ও নাশকতার বিরুদ্ধে প্রগতিশীল সব শ্রেণী-পেশার মানুষকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামসুল হক।জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করা প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াত যে ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, তাতে দেশের মানুষ বিরক্ত। তাই বিষয়টি সরকার ভেবে দেখছে।’আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘জামায়াত পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে তাদের ওপর নির্যাতন করছে। আগুন দিয়ে থানা জ্বালিয়ে দিচ্ছে। পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করছে। তবুও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছেন।’ এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।