খালেদা জামায়াতের আমিরের মতো কথা বলছেন: সুরঞ্জিত
নিজস্ব প্রতিবেদকখালেদা জিয়া এখন জামায়াতে ইসলামীর আমিরের মতো কথা বলছেন—এমন মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আপনার যদি যুদ্ধাপরাধীদের পক্ষ হয়ে সাফাই সাক্ষ্য দিতে হয় তাহলে রোডমার্চে নয়, আদালতে গিয়ে সাক্ষ্য দেন। ’আজ শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘আইনের শাসন ও গণতন্ত্রকে হত্যা’বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, খালেদা জিয়া এখন কে যুদ্ধাপরাধী আর কে না, সেটার সার্টিফিকেট দিতে শুরু করেছেন। আওয়ামী লীগকে স্বাধীনতাবিরোধী বলছেন। সম্প্রতি রোডমার্চে যুদ্ধাপরাধীদের নিয়ে খালেদা যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহারের আহ্বান জানান সুরঞ্জিত। একই সঙ্গে আওয়ামী লীগে কে কে যুদ্ধাপরাধী তার প্রমাণ থাকলে দেখাতে বলেছেন। সুরঞ্জিত খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসবে। তিনি যে কোনো দিন বলে বসতে পারেন জিয়াউর রহমানও যুদ্ধাপরাধী ছিলেন।’দলের এ উপদেষ্টা আরও বলেন, তিনি (খালেদা জিয়া) যুদ্ধাপরাধী, জঙ্গি, একাত্তরে পরাজিতদের নিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। পরাজিতদের নিয়ে যুদ্ধ করলে বিজয়ী হওয়া যায় না। পরাজয়ের গ্লানিই বইতে হয়। সুরঞ্জিত প্রশ্ন রাখেন, ‘যুদ্ধাপরাধীদের নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন, আর আমরা কি আঙুল চুষব?’সুরঞ্জিত বলেন, খালেদা জিয়ার সাম্প্রতিক সময়ের বক্তব্য বিভ্রান্তিমূলক এবং জাতিকে তা বিভ্রান্ত করবে। যুদ্ধাপরাধ বিষয়ে কথা না বলে নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন, ঢাকা সিটি করপোরেশনের বিভক্তি এবং শেয়ারবাজার নিয়ে কথা বলার পরামর্শ দেন।