খালেদা জিয়া দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন: হানিফ (ভিডিও)
সংলাপের প্রস্তাব নাকচ করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ রোববার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।হানিফ অভিযোগ করেন, ‘খালেদা জিয়া উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। তাঁরা কথাবার্তা ও বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছেন, তাঁরা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চান।’ জনগণের প্রতি আস্থাহীনতা ও রাজনৈতিক দেউলিয়াপনার কারণে বিএনপি এমন করছে বলেও মন্তব্য করেন তিনি।আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, সংলাপের ব্যাপারে সরকারের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে। তবে সে জন্য বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে বলে মন্তব্য করেন তিনি। হানিফ উল্লেখ করেন, সাধারণ মানুষের মতো তাঁরাও চান জামায়াতের সঙ্গ ছাড়ুক বিএনপি। এতে অনেক রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব হবে।