খালেদা জিয়া সেনাবাহিনীকে উসকে দিচ্ছেন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে ধরনা দিয়ে সফলতা না পেয়ে এখন সেনাবাহিনীকে উসকে দিচ্ছেন।আজ বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলের রাজমনি সিনেমা হলের সামনে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মাহবুব আলম হানিফ এ কথা বলেন। বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। খবর বাসসের।হানিফ বলেন, ‘খালেদা জিয়ার দেশের জনগণের প্রতি আস্থা নেই। তাই তিনি মাঝেমধ্যে বিদেশিদের কাছে ধরনা দেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি বিদেশিদের আহ্বান জানান।’আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া সেনাবাহিনীকে আহ্বান জানিয়ে যে বক্তব্য দিয়েছেন, এতে প্রমাণ হয়েছে তিনি দেশের স্বাধীনতা ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা জাতির কাছে কাম্য নয় এবং জাতির জন্য দুঃখজনক। এ জন্য একদিন জনগণ আপনাকে (খালেদা) বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।’খালেদা জিয়া নিজে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের এজেন্ট হিসেব কাজ করেন, উল্লেখ করে হানিফ বলেন, স্বাধীনতা দিবসে খালেদা জিয়ার নির্দেশেই গাড়িতে আগুন দিয়ে ও বোমাবাজি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল নিয়মিত মিথ্যাচার করছেন অভিযোগ করে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। জাতি এ ধরনের মিথ্যাচার প্রত্যাশা করে না।’