খালেদা জিয়ার বক্তব্যে লাগাম টানা উচিত (ভিডিও)
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের সহযোগী মিত্র জামায়াতে ইসলামী বেশ কিছুদিন ধরে অগণতান্ত্রিক ভাষায় কথা বলছে। এটা গণতন্ত্রের জন্য খুবই দুঃখজনক। এ সরকার ক্ষমতায় থাকলে সংবিধান বিপন্ন হয়—খালেদা জিয়ার এমন কথার প্রেক্ষাপটে হাসানুল হক সরকারের হস্তক্ষেপে সংবিধানের কোন জায়গায় সংবিধান বিপন্ন হচ্ছে এমন প্রশ্ন রেখে খালেদা জিয়াকে তাঁর বক্তব্যে একটু লাগাম টানতে বলেন। খালেদা জিয়া গণতান্ত্রিক ভাষায়, নিয়মতান্ত্রিক ভাষায় কথা বলবেন এবং উসকানি দেবেন না বলে ইনু আশা ব্যক্ত করেন।আজ রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার ভেড়ামারায় যাওয়ার পথে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রীর সঙ্গে এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও জাসদের নেতারা উপস্থিত ছিলেন।হাসানুল হক বলেন, যেসব দাবি নিয়ে হরতাল দেওয়া হচ্ছে, এসব দাবি নিয়ে সরকারের সঙ্গে বসে আলোচনার জায়গা আছে। আলোচনার জায়গা যেখানে উন্মুক্ত, সেখানে সকাল-বিকেল হরতাল দিতে নেই।