খালেদা জিয়ার বগুড়া সফর এক দিন পেছাল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বগুড়ার সফর এক দিন পেছানো হচ্ছে। আগামীকাল শুক্রবার তাঁর বগুড়ায় যাওয়ার কথা থাকলে তা এক দিন পিছিয়ে আগামী শনিবার করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, বগুড়ার উদ্দেশে আগামীকাল শুক্রবার বিকেলে খালেদা জিয়ার রওনা হওয়ার কথা ছিল। শনিবার সেখানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের স্বজনদের সমবেদনা জানানোর কথা ছিল। কিন্তু রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তাই এর প্রতি সম্মান দেখিয়ে শনিবার বিকেলে বগুড়ার উদ্দেশ রওনা হবেন নেত্রী। রোববার তিনি পূর্বঘোষিত কর্মসূচি পালন করবেন। আজকের সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার নিজের মতো করে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণের চেষ্টা করছে। তিনি নির্বাচন কমিশনকে সরকারের দ্বারা প্রভাবিত না হওয়ার আহ্বান জানান। আজকের যৌথ সভায় স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৫ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন।