খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আইন প্রতিমন্ত্রীর
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে ইতিহাসের জঘন্যতম মিথ্যাচারের অভিযোগ এনেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ঢাকা মহানগরের বর্ধিত সভায় আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন এবং ১৮ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগের জনসভা উপলক্ষে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ।সভায় কামরুল ইসলাম বলেন, ‘জাতি আজ গভীর সংকটের মধ্যে রয়েছে। বর্তমান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ইতিহাসের জঘন্যতম মিথ্যাচারে লিপ্ত রয়েছেন।’আইন প্রতিমন্ত্রী বলেন, ‘একদিকে জামায়াত সারা দেশে তাণ্ডব চালাচ্ছে। অন্যদিকে আলেম নামধারী কিছু জাহেল কথায় কথায় মানুষকে মুরতাদ বলছে। এসব জাহেল ব্যক্তিরা হানাহানি, ফেতনা-ফ্যাসাদ সৃষ্টি করে দেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। ইসলাম এদের জন্য বিপদগ্রস্ত হচ্ছে। এদের একটি দল হেফাজতে ইসলামের নামে দেশ ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চায় তারা। আর বিরোধীদলীয় নেতা এদের বাঁচাতে উঠেপড়ে লেগেছেন। তিনি এদের নিয়ে মিথ্যাচার করছেন। ফলে এই সংকটের সৃষ্টি হয়েছে।’আইন প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বর্তমান সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণের জন্য দিকনির্দেশনা প্রয়োজন। আগামী সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ রয়েছে। ওই সমাবেশে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।বিরোধী দলের আটক নেতা-কর্মীদের প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনি নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চুপ করে বসে থাকবে, তা হতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিরো টলারেন্সে নিজেদের দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক।’সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বর্তমান বিরোধীদলীয় নেতা জামায়াতের ওপর ভর করে অন্যায়ভাবে ক্ষমতায় যেতে চান। এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না।’ সরকার পতনে খালেদা জিয়ার এক দফা আন্দোলন প্রসঙ্গে মায়া বলেন, ‘আপনারা সরকার পতনের এক দফা আন্দোলন করবেন, আর আমরা বসে থাকব, তা হতে পারে না।’১৮ মার্চের জনসভা সম্পর্কে মায়া বলেন, প্রধান বিরোধী দল জামায়াত নেতাদের বাঁচাতে ১৮ ও ১৯ মার্চ হরতাল দিয়েছে। জনগণ তাঁদের হরতাল প্রতিহত করে ১৮ মার্চের জনসভা সফল করবে। ১৮ মার্চের জনসভার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। বর্ধিত সভায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, সহসভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।