খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান এ আদেশ দেন। আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন বঙ্গবন্ধু আইনজীবী ফাউন্ডেশনের সদস্য মশিউল আলম। বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন আদালত।আদেশে আদালত বলেন, মামলার বাদী কোনো সরকারি কর্মকর্তা নন। এ ধরনের মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমোদন না থাকায় তা খারিজ করা হলো। মামলার অভিযোগে বলা হয়েছিল, গত মাসের ৩০ জানুয়ারি ‘ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় ‘জিয়া: দ্য থ্যাংকলেস রুল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ‘হোয়েন দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ ওয়ান অব দ্য ফার্স্ট ন্যাশনস টু রিকগনাইজ আওয়ার রাইট টু সেলফ ডিটারমিনেশন’—এটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে ১৯৭১ সালে প্রথমে ভুটান ও পরে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দেয়।মামলার অভিযোগে আরও বলা হয়, বিরোধীদলীয় নেতা হিসেবে সরকারের বিরুদ্ধে তিনি অবস্থান নিতে পারেন। তাই বলে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ আহ্বান করতে পারেন না। ৩০ জানুয়ারির সেই নিবন্ধে খালেদা জিয়া বিদেশি শক্তিকে আহ্বান জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এটা রাষ্ট্রদ্রোহের শামিল।