খালেদা জিয়ার লেখায় সরকারের আঁতে ঘা লেগেছে: মওদুদ
ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় লেখা খালেদা জিয়ার নিবন্ধের কারণে সরকারের আঁতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মওদুদ এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ মিছিল ও সমাবেশের আয়োজন করে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জাতীয় সংসদে সরকারি দলের সাংসদেরা যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তাতে প্রমাণ করে দুর্নীতি ও দুঃশাসন নিয়ে সত্য কথা লেখায় সরকারের আঁতে ঘা লেগেছে।গত মাসের ৩০ জানুয়ারি ‘ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বিএনপির চেয়ারপারসন লিখেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন হুমকির মুখে। গোটা দেশ একটি পরিবারের হাতে জিম্মি। উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেশটির সামনে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা ছিল, দুর্নীতির কারণে তা-ও ম্লান হতে বসেছে। নির্বাচনে যাতে ভোটারদের সুষ্ঠু মতামত প্রতিফলিত হয়, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশগুলোর জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে। গণতন্ত্রের পথ থেকে বাংলাদেশের বিচ্যুতি ঠেকাতে পশ্চিমা দেশগুলোকে আরও ভূমিকা রাখার আহ্বান রয়েছে এই নিবন্ধে।ওই নিবন্ধে বিরোধীদলীয় নেতা আরও বলেন, শেখ হাসিনা সরকারে যাঁরা গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করছেন, তাঁদের বিরুদ্ধে ভ্রমণ ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করতে পারে পশ্চিমা শক্তিগুলো।খালেদা জিয়ার লেখা ওই নিবন্ধ নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্যরা তীব্র সমালোচনা করেন। এর জন্য তাঁরা খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।মওদুদ আহমদ বলেন, বিএনপিকে নয়, বাংলাদেশের গণতন্ত্র ও ১৬ কোটি মানুষের স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রসহ সব শুভাকাঙ্ক্ষী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।এ প্রসঙ্গে অতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ঘটনার উল্লেখ করেন মওদুদ। তিনি বলেন, ’৯১ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিরোধীদলীয় নেতা হিসেবে শেখ হাসিনা ওয়াশিংটন, ফ্রান্সসহ বিভিন্ন দেশে গিয়ে আমাদের সমালোচনা করেছেন। এমনকি অর্থ সহযোগিতা বন্ধ করে দিতে বলেছিলেন। ফ্রান্সে গিয়ে সে দেশের এমপিদের বাংলাদেশের বিরুদ্ধে একটি বিল আনার জন্য বলেছিলেন। আবার ফ্লোরিডায় গিয়ে বলেছিলেন, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনার দলের নেতা ও সাংসদেরা এ কথা ভুলে গেছেন বলেই এ নিবন্ধ নিয়ে এভাবে কথা বলেছেন।’মওদুদ বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে কোনো কিছু গোপন থাকে না। বিশ্ববাসী জানে, এ সরকরের আপাদমস্তক দুর্নীতিতে ভরপুর। সরকারের দুর্নীতির বড় স্বাক্ষর হলো পদ্মা সেতু। তিনি বলেন, বিশ্ববাসী এ সরকারের দুর্নীতি, দুঃশাসন, মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী দলের ওপর নির্যাতনের তথ্য জানার পরও খালেদা জিয়া শুধু যুক্তরাষ্ট্রসহ শুভাকাঙ্ক্ষী বন্ধু দেশগুলোকে এসব বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রকে অব্যাহত রাখতে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সাংসদদের সমালোচনার জবাবে মওদুদ বলেন, কোনো গণমাধ্যমে নিবন্ধ লেখার জন্য রাষ্ট্রদ্রোহিতা হয় না। ভালো করে আইনকানুন জেনে সাংসদদের কথা বলার অনুরোধ জানান তিনি।সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি মিছিল কাকরাইল, মালিবাগ হয়ে মৌচাকে গিয়ে শেষ হয়।