সংসদে প্রশ্নোত্তর
খালেদা জিয়া অন্য দেশকে ডেকে বাংলাদেশকে শায়েস্তা করতে চান: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ওয়াশিংটন টাইমস-এ নিবন্ধ লেখার মাধ্যমে অন্য দেশকে ডেকে বাংলাদেশকে শায়েস্তা করতে চান। জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মুজিবুল হক প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের সময় ওয়াশিংটন টাইমস-এ বিরোধীদলীয় নেতার একটি নিবন্ধ ছাপা হয়েছে। সফরের সঙ্গে ছাপানো নিবন্ধের কোনো রাজনৈতিক সম্পর্ক আছে কি না?জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে। বিরোধীদলীয় নেতা তাঁর নিবন্ধে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। তিনি এ দেশের লোকজন যাতে ভিসা না পায় এবং দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যেন ১৯৭১ সালের মতো বাংলাদেশের পাশে দাঁড়ায়। প্রশ্ন হলো, ’৭১-এ তো যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। তারা এ দেশের বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠানোর চেষ্টা করেছিল। তারা তো হানাদারদের পক্ষে ছিল। এতে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে বিরোধীদলীয় নেতার অবস্থান সম্পর্কে বোঝা যায়।শেখ হাসিনা বলেন, ‘আমার প্রশ্ন, তিনি তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন। কীভাবে তিনি দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে লিখতে পারেন? আসলে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না। বিরোধীদলীয় নেতা এ রকম লেখা লিখতে পারেন কি না, তা জনগণই বিচার করবে।’রাশিয়া সফর সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী যখন বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ চালিয়ে যাচ্ছিল, তখন রাশিয়া বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল। জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে তারা ভেটো দিত।এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, অস্ত্র কেনার ক্ষেত্রে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ তো কারও সঙ্গে এমন কোনো চুক্তি করেনি যে সে দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে অস্ত্র কিনতে পারবে না।আওয়ামী লীগের রহমত আলীর প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, সম্প্রতি রাশিয়া সফরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রস্তুতিমূলক কাজের অর্থায়নের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থায়ন চুক্তি, ঢাকায় পারমাণবিক শক্তিসংক্রান্ত একটি তথ্যকেন্দ্র স্থাপন চুক্তি এবং রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়েছে। এ বছরের শেষ নাগাদ দুই হাজার মেগাওয়াটের রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ শেষ করা যাবে।রাশিয়া থেকে সমরাস্ত্র কেনার সমালোচনার জবাব প্রধানমন্ত্রী কীভাবে দেবেন—রহমত আলীর এ সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সামরিক সরঞ্জাম কেনা নতুন কিছু নয়। বিভিন্ন সময়, বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হয়েছে।শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আট হাজার ৫২৫ মেগাওয়াট। তবে বর্তমানে প্রকৃত উৎপাদন চার হাজার ৪০০ থেকে চার হাজার ৮০০ মেগাওয়াট।প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।