বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কালো টাকা সাদা করার তথ্য প্রকাশ করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ তথ্য প্রকাশ করে বলেন, খালেদা জিয়া ২০০২-০৩ অর্থবছর থেকে ২০০৬-০৭ পর্যন্ত সময়ে এক কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৭১০ টাকা সাদা করেছেন। সাদা করতে গিয়ে জরিমানাসহ কর দিয়েছেন ৩৩ লাখ ৮৭ হাজার টাকা।তিনি জানান, ২০০৭ সালের ৬ আগস্ট খালেদা জিয়া জরিমানা দিয়ে এ অপ্রদর্শিত অর্থ বৈধ করেন। অর্থমন্ত্রী সাইফুর রহমানও জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন বলে তিনি জানান। হানিফ বলেন, সাধারণ নাগরিক হয়তো ভুল করতে পারেন। তাঁরা সময়মতো কর না দেওয়ায় অপ্রদর্শিত অর্থ বৈধ করে নিতে পারেন। কিন্তু খালেদা জিয়া ও সাইফুর রহমানের মতো দায়িত্বশীল ব্যক্তি, যাঁরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাঁরা ভুল করবেন এটা কারও বিশ্বাসযোগ্য হতে পারে না। কেউ মেনে নেবে না।হানিফ বলেন, খালেদা জিয়ার কালো টাকা সাদা করার ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো ভুল তথ্য দেননি। বিএনপির নেতাদের কোনো দায়িত্বশীল নেতা সম্পর্কে কিছু বলতে চাইলে দায়িত্বশীল কথা বলতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনার এক জনসভায় খালেদা জিয়ার বিরুদ্ধে কালো টাকা সাদা করার অভিযোগ করেন। পরে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন খালেদা জিয়া এক টাকাও সাদা করেননি বলে দাবি করেন। গতকালের সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম হানিফ খালেদা জিয়ার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রকাশ করে কালো টাকা সাদা করার বিস্তারিত তথ্য দেন। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু করে দেশকে বিভক্ত করা হচ্ছে বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘আমরা বারবার বলেছি, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার চান না। শনিবারের বক্তব্যে তাঁর স্বরূপ উন্মোচিত হলো। এত দিন ইনিয়ে বিনিয়ে বলতেন, এখন সরাসরি যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে অবস্থান নিলেন।’ তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করার ব্যাপারে জনগণের কাছে ওয়াদা করেছে। যেকোনো মূল্যে এ বিচার করা হবে। আর যুদ্ধাপরাধী যে-ই হোক, যে দলেই থাকুক, তার বিচার হবে। হানিফ বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা থেকে বিরত থাকুন। নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করলে জনগণ ২৯ ডিসেম্বরের নির্বাচনের মতোই আপনাদের প্রত্যাখ্যান করবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, আমিনুল ইসলাম আমিন, আখতার হোসেন প্রমুখ।