খালেদা জিয়া কাল সিরাজগঞ্জ আসছেন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শহীদ জেহাদের ২০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কাল সোমবার সিরাজগঞ্জ আসছেন। আজ রোববার জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, শহীদ জেহাদের ২০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মুলিবাড়ী রেলগেট মাঠে এক ছাত্র-গণজমায়েত অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার সিরাজগঞ্জ সফর উপলক্ষে জেলা বিএনপি ও কেন্দ্রীয় ছাত্রদল সব ধরনের প্রস্তুতি নিয়েছে।সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ, জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ সদর আসনের বিএনপির সাংসদ রুমানা মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।