বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া স্থানীয় জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধদের কাছে কুম্ভীরাশ্রু ফেলতে গেছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেছেন, দেড় মাস পর খালেদা জিয়ার ঘুম ভেঙেছে। আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের এই দুই নেতা এসব কথা বলেন। জামায়াত-শিবিরের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘গত কয়েক দিনে পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়ে জামায়াত-শিবিরকে মোকাবিলা করেছে। আগামী দিনগুলোতে সবাই মিলে পুলিশকে সহায়তা করুন, যাতে প্রমাণ করতে পারি, পুলিশ জামায়াত-শিবিরের নৈরাজ্যকারীদের প্রশ্রয় দেয় না।’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার রামু সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া স্থানীয় জামায়াতের নেতাদের নিয়ে ক্ষতিগ্রস্ত বৌদ্ধদের কাছে কুম্ভীরাশ্রু ফেলতে গেছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিএনপি-জামায়াত রামুতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখন তারা সেখানে সমবেদনা জানাতে গেছে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে, তারা কত বড় বেইমান।’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জামায়াত-শিবির আওয়ামী লীগের ভয়ে গর্তে ঢুকে পড়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় এমনভাবে কর্মসূচি দিতে হবে, যাতে গর্তে ঢুকে পড়া জামায়াত-শিবিরের কর্মীরা রাজপথে আসতে না পারে।’খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের উকিল হয়ে ভারত গেছেন এমন অভিযোগ করে হানিফ বলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। ফেনীতে খালেদা জিয়ার সমাবেশে ককটেল বিস্ফোরণকারীরা ছাত্রদল-যুবদলের লোক উল্লেখ করে হানিফ বলেন, বিএনপি এ বিষয়ে সরকারকে দায়ী করে মিথ্যাচার করছে। খালেদা জিয়াকে কুম্ভকন্যার সঙ্গে তুলনা করে হানিফ বলেন, ‘কুম্ভকন্যাদের ঘুম ভাঙে সাত দিন, এক মাস পরে। আর খালেদা জিয়ার ঘুম ভেঙেছে দেড় মাস পরে। সরকার যখন ক্ষতিগ্রস্ত বৌদ্ধদের পুনর্বাসনকাজ শেষ করেছে, তখন খালেদা জিয়া সেখানে গেছেন নাটক করতে। এ জন্য মানুষ খালেদা জিয়াকে ধিক্কার জানাবে।’ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ সমাবেশে সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।