খালেদা জিয়া গর্হিত কাজ করেছেন : শাজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি পত্রিকায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গর্হিত কাজ করেছেন বলে অভিযোগ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই বিরোধীদলীয় নেত্রী হিসেবে যে মন্তব্য করতে হবে, তা হিসাব করেই করতে হবে। বিদেশিরা আমাদের সবক দেবে, আর সেই সবক অনুযায়ী আমরা চলব, এই জন্য তো বাংলাদেশ স্বাধীন করি নাই। উনি যে মন্তব্য করেছেন, তা একটা গর্হিত কাজ।’আজ শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে আন্তর্জাতিক মানের অপারেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন মন্ত্রী এসব কথা বলেন। শাজাহান খান বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে রাজাকারদের বাঁচাতে যে চক্রান্ত ও প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টা সফল হবে না। ’নৌমন্ত্রীর বাবার নামে প্রতিষ্ঠিত ‘আচমত আলী খান রিসার্চ ফাউন্ডেশন, বাংলাদেশ’ ও ‘টাইবা মেডিকেল সেন্টার, কেনিয়া’র আয়োজনে বিনা মূল্যের এই চিকিৎসা শিবিরে অংশগ্রহণ করছে ভারত ও কেনিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক দল। শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ভারতীয় হাইকমিশনার পংকজ সরন, ভারতের নাগপুর ডিএমআইএমএস বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিব এম বোরলে, স্মাইল ট্রেইট ইন্ডিয়ার প্রকল্প পরিচালক রেণু মেহতা, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক নূর-উর-রহমান, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার প্রমুখ। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই চিকিৎসাসেবা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে দুই শতাধিক ঠোঁট ও তালুকাটা রোগীকে বিনা মূল্যে অপারেশনসহ চিকিৎসা সেবা দেওয়া হবে।