খালেদা জিয়া বাড়ি ছেড়েছেন ক্যান্টনমেন্ট বোর্ডের ইচ্ছায়: নানক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সিদ্ধান্তে নয় ক্যান্টনমেন্ট বোর্ডের ইচ্ছায় খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে হয়েছে। বিএনপি রাষ্ট্রীয় সম্পত্তি অবৈধভাবে দখল করার জন্য হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। খালেদা জিয়া এখন ক্ষমতা ও বাড়ি ছাড়া হয়ে উন্মাদ হয়ে গেছেন। তারা বিডিআর বিদ্রোহ ঘটিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছিল। বর্তমান সরকার সফল নেতৃত্ব দিয়ে তা মোকাবিলা করেছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ শুক্রবার সকালে এক সভায় এসব কথা বলেন। শরীয়তপুর সদর উপজেলা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের এই বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সী সভাপতিত্ব করেন। জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, বিএনপি-জামায়াত জোট ২০০১ সালে ক্ষমতায় গিয়ে দেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। সেই ধ্বংসযজ্ঞের মধ্যে দাঁড়িয়ে আওয়ামী লীগ দেশ শাসন করছে। দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে চলছে। সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি ৩০ নভেম্বর হরতাল ডেকেছে। তিনি বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘জনগণ আপনাদের ভোট দিয়েছে সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলার জন্য। সংসদে আসুন সংসদে বসে কথা বলুন।’