মহাজোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর বক্তব্য তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন। আগামী রোববার এই সংবাদ সম্মেলন হতে পারে বলে আজ শুক্রবার জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। তবে তিনি জানান, সংবাদ সম্মেলনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।সূত্র জানায়, খালেদা জিয়ার বক্তব্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে করণীয় এবং দুই বছরে সরকারের নানা ব্যর্থতার বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। বক্তব্যে বিরোধী দল হিসেবে বিএনপির অবস্থানও তুলে ধরা হবে।বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার বক্তব্য প্রস্তুত করতে ইতিমধ্যে ছয়জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংবাদিক শফিক রেহমান, চেয়ারপারসনের একান্ত সচিব সাবিহউদ্দীন ও প্রেস সচিব মারুফ কামাল খান।