খালেদা জিয়া হবিগঞ্জ যাচ্ছেন কাল
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাল শনিবার হবিগঞ্জে যাবেন। তাঁর আগমন ঘিরে অনেক দিন পর উজ্জীবিত জেলা বিএনপির নেতা-কর্মীরা।খালেদা জিয়া কাল বেলা চারটায় হবিগঞ্জ শহরের নিউফিল্ড এলাকায় দলীয় জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। জেলার সর্বত্র পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে ।২০০৮ সালে হবিগঞ্জ পৌরসভা মাঠে এক নির্বাচনী জনসভায় সর্বশেষ ভাষণ দেন খালেদা জিয়া। এর আগে ২০০৪ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ২০০১ সালে হবিগঞ্জের লাখাই উপজেলায় নির্বাচনী প্রচারণায় ভাষণ দেন। খালেদা জিয়া ১৯৮৭ সালে প্রথমবার হবিগঞ্জ যান।দীর্ঘদিন পর খালেদা জিয়ার হবিগঞ্জের জনসভাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সব বিরোধ ভুলে সরব হয়ে উঠেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশ সফল করতে একযোগে কাজ করেছেন তাঁরা।দলের ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান গত কয়েক দিন ধরেই হবিগঞ্জে অবস্থান করছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকি গউছ প্রথম আলো ডটকমকে বলেন, মূলত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবিতে এ সমাবেশ। জনসভা কেন্দ্র করে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে তিনি জানান।