খালেদা জিয়াকে ক্ষমতায় দেখতে চায় উলফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া বাংলাদেশে খালেদা জিয়াকে ক্ষমতায় দেখতে চান। আসামের চুক্তি বাস্তবায়নবিষয়ক মন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা গত সোমবার বিধানসভার এক বিশেষ অধিবেশনে এ কথা বলেছেন। গতকাল মঙ্গলবার ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় এ খবর প্রকাশিত হয়।হিমান্ত শর্মা বলেন, ভারত ও বাংলাদেশের ভূমি হস্তান্তর চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করে রাজ্য সরকার উলফা নেতা পরেশ বড়ুয়ার ফাঁদে পা দিয়েছে। তিনি বলেন, পরেশ এমন একটি কৌশলের আশ্রয় নিয়েছেন, যাতে সরকারের পক্ষে এ চুক্তির বিস্তারিত প্রকাশ না করে উপায় ছিল না।গত ৬ সেপ্টেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ভূমি হস্তান্তর চুক্তি স্বাক্ষর করেন।আসামের বিরোধী দলের দাবিতে আয়োজিত বিধানসভার এক দিনের অধিবেশনে হিমান্ত শর্মা আলোচনায় অংশ নিয়ে বলেন, পরেশ খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চান। কেননা খালেদার সরকার দীর্ঘকাল ধরে উলফাকে আশ্রয় দিয়েছে। তিনি আরও বলেন, ‘পরেশ হাসিনাকে সমস্যায় ফেলতে চান। কারণ, তাঁর সরকার উলফাকে বাংলাদেশ থেকে বিতাড়ন করেছে এবং উলফার শীর্ষস্থানীয় নেতাদের ধরতে আমাদের সাহায্য করেছে।’আসামের সরকার সোমবার বিধানসভায় স্বীকার করেছে, তারা অজান্তেই উলফার কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়ার ফাঁদে পড়েছে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়সংক্রান্ত চুক্তি সইয়ের খবর বিস্তারিত প্রকাশ করে এ ফাঁদে পা দিয়েছে রাজ্য সরকার।হিমান্ত শর্মা আরও বলেন, দুই দেশের কূটনৈতিক বিষয়াদি ফাঁস না করাটা যেকোনো সরকারের জন্য একটা রেওয়াজ। এর আগে উলফা এ চুক্তির বিরোধিতা করেছে। চুক্তির প্রতিবাদে রাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ পেয়েছে ৩৫৭ দশমিক ৫ একর এবং অন্যদিকে ভারত পেয়েছে এক হাজার ২৩৯ দশমিক ৫ একর জায়গা।হিমান্ত বিশ্ব শর্মা বলেন, ‘দেশভাগের পর দুই দেশের স্বার্থেই দেওয়া-নেওয়া নীতির ভিত্তিতে সীমান্ত বিতর্ক সমাধান করা হয়েছে। আমরা বাংলাদেশকে বড়ইবাড়ী ছিটমহল দিয়েছি (১৯৩ একর), আমরা পেয়েছি এক হাজার ২৪০ একর। এটাই কূটনীতি। আর এ কারণেই আমাদের বন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সমস্যায় পড়েছেন। তাঁর বিরুদ্ধে তাঁরই লোকজন আন্দোলনে নেমেছে।’চুক্তি স্বাক্ষরের পরপরই উলফা নেতা পরেশ বড়ুয়া একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ গোপনে বাংলাদেশকে রাজ্যের ভূমি দিয়েছেন। জবাবে গগৈই চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।