আদালতের নির্দেশনা অনুসারে সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটি গঠনের জন্য সরকারি দলের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কাছে চিঠি পাঠানো হয়েছে। চিফ হুইপ আবদুস শহীদ স্বাক্ষরিত এ চিঠিতে বিরোধীদলীয় নেতা মনোনীত একজন সাংসদের নাম চাওয়া হয়েছে। কাল মঙ্গলবারের মধ্যে এ নাম পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।সংসদের চিফ হুইপ আবদুস শহীদ এ ব্যাপারে আজ সোমবার রাতে প্রথম আলোকে বলেন, গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গিয়ে তাঁর একান্ত সচিবের কাছে এ সংক্রান্ত চিঠিটি পৌঁছে দেওয়া হয়েছে।আবদুস শহীদ আরও বলেন, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এই চিঠি গ্রহণ করা হয়েছে। কিন্তু এখনো কিছু জানানো হয়নি। তবে চিঠিতে ২০ জুলাইয়ের (মঙ্গলবার) মধ্যে নাম পাঠানোর জন্য বলা হয়েছে। নাম পেলেই কমিটি চূড়ান্ত করা হবে। আগামী ২২ জুলাইয়ের মধ্যে এ কমিটি চূড়ান্ত করে তা সংসদে অনুমোদন করা হবে। আগামী অধিবেশনে সংবিধান সংশোধনী বিল পাস করা সম্ভব হবে।আবদুস শহীদ বলেন, স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাদে নবম জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের প্রতিনিধিদের নিয়ে সংবিধান কমিশন বা সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।এ প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দলীয় ফোরামে আলোচনা করেই নাম পাঠানোর বিষয়টি চূড়ান্ত করবেন।