খালেদা জিয়াকে দুষলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া ও তাঁর দোসররা উন্নয়নের কথা বলেন, কিন্তু নিজেদের পকেট ভর্তি করা ছাড়া, অরাজকতা সৃষ্টি করা ছাড়া, সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা ছাড়া আর কোনো কাজ করতে পেরেছেন বলে তাঁরা দাবি করতে পারবেন না।’ আজ শুক্রবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩২তম বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের উদ্দেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাতেমা জামান বলেন, ‘স্যার, আপনাকে তাঁরা “অ্যান্টিবায়োটিক” উপাধি দিয়েছে। আপনি বিরোধী দলকে বুঝিয়ে দেবেন, অ্যান্টিবায়োটিকের কাজ কী। যে উপাধি আপনাকে দিয়েছে, তার প্রপার ট্রিটমেন্ট করবেন।’এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘এখানে কিছু পাতি নেতার নাম এসেছে। আমি তাঁদের ব্যাপারে কিছু বলতে চাই না।’ স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, বাংলাদেশের মাটিতে উত্পাদিত ফসল খেয়ে, পুষ্টি নিয়ে ও এ দেশের বাতাসে শ্বাস গ্রহণ করে একটি কুচক্রী মহল দেশের বিরুদ্ধে কথা বলছে। তারা বঙ্গবন্ধু হত্যার বিচারে বাধা দিয়েছে, পদ্মা সেতু নির্মাণেও বাধা দিয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে প্রকল্প গ্রহণ করেন, সেখানে সাময়িক ব্যত্যয় ঘটলে ওই মহল যদি খুশি হয়, তাহলে তাদের এ দেশে থাকার কোনো যৌক্তিকতা নেই। তারা বাংলাদেশের শত্রু। এদের প্রতিহত করার দায়িত্ব আপনাদের, আমাদের।’ আলোচনায় বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায় প্রত্যাখ্যান করার ঘটনায় এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। যারা ২১ আগস্টের ঘটনা ঘটাতে পারে, তাদের ষড়যন্ত্র কতটা বিকৃত তা সহজেই অনুমেয়।’ ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ বলেন, এ বছরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ওয়াদা পূরণ করবেন। আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক লীগের নেতা এস এম জাহাঙ্গীর আলম, জনতা ব্যাংকের পরিচালক ও সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার।