খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের দায় প্রধানমন্ত্রীর: মাহবুবুর রহমান
সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে প্রতিরক্ষামন্ত্রী। আর আইএসপিআর সেই মন্ত্রণালয়ের অধীন। তাঁর এ প্রতিষ্ঠানটি দিয়ে বিরোধীদলীয় নেত্রীকে নজিরবিহীন অত্যাচার চালানো হয়েছে। এর দায় মাননীয় প্রধানমন্ত্রীর ওপর বর্তায়।’ আজ সোমবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান এ কথা বলেন। মঈনুল রোডের বাড়িতে খালেদা জিয়ার দামি জিনিসপত্র, সেনা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়াসহ আইএসপিআরের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল জানায়।মাহবুবুর রহমান আরও বলেন, বিডিআরের ঘটনার সময় আইএসপিআর নীরব থাকলেও খালেদা জিয়ার বাড়ি স্থানান্তরের কার্যক্রমে তাদের ভূমিকা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। সরকারের শীর্ষ পর্যায়কে এর দায় নিতে হবে।সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।