খালেদা জিয়াকে শিষ্টাচার মেনে আমন্ত্রণপত্র পাঠানো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে কোনো টিকিট দেওয়া হয়নি। রাষ্ট্রীয় শিষ্টাচার মেনে তাঁকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে ভিভিআইপি প্রেসিডেন্ট বক্সে তাঁর জন্য আসন সংরক্ষিত ছিল। বিষয়টি তাঁর একান্ত সচিব অবগত ছিলেন। বিরোধীদলীয় নেতার জন্য এসএসএফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার ব্যবস্থাও নিশ্চিত করেছিল।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার আজ রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন হয়।বিএনপি অভিযোগ করেছে, একটি টিকিট দেওয়ায় খালেদা জিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে পারেননি। এ ছাড়া বিএনপির অভিযোগ, অনুষ্ঠানে আওয়ামী লীগ দলীয় সংকীর্ণতার পরিচয় দিয়েছে।বিএনপির এসব বক্তব্যের জবাব দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্ব বলছে, ক্রিকেটের ইতিহাসে এমন জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান ও সফল আয়োজন এর আগে হয়নি। ঠিক সেই মুহূর্তে বিএনপির কয়েকজন নেতা সংবাদ সম্মেলন করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে রাজনৈতিক বক্তব্য ও বিবৃতি দিয়েছেন। অথচ রাষ্ট্রাচার অনুযায়ী বিরোধীদলীয় নেতার প্রতি যথাযথ সম্মান দেখিয়ে মন্ত্রণালয়ের একজন উপসচিবের মাধ্যমে তাঁর একান্ত সচিবের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়। যদি তাঁর অতিরিক্ত কোনো নিরাপত্তা ও ব্যক্তিগত কর্মকর্তার প্রয়োজন হতো, তাহলে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।’আহাদ আলী সরকার বলেন, অনুষ্ঠানের জন্য বিরোধীদলীয় সব সাংসদকে স্ত্রী/স্বামীসহ আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। তাঁদের অনেকে সংরক্ষিত আসনে বসে অনুষ্ঠান উপভোগ করেন। তিনি বলেন, অনুষ্ঠানটি পরিচালিত হয় আইসিসির তত্ত্বাবধানে। এখানে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা ছিল। বাংলাদেশ অংশে আদি থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে বায়ান্নর ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর বাঙালির এই দীর্ঘ সংগ্রামের ইতিহাস কখনো জাতির জনক বঙ্গবন্ধুকে বাদ দিয়ে রচিত হয়নি। সত্য ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরতেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের ১০ সেকেন্ড অংশ প্রচার করা হয়েছে। এ ক্ষেত্রে সবকিছুতেই বঙ্গবন্ধুকে প্রাধান্য দেওয়া হয়েছে—বিএনপির এই অভিযোগ সঠিক নয়।ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠানে শ্রীলঙ্কা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে বিশাল একটি সাম্পান ব্যবহার করা হয়। সেখানে কোথাও আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’র উপস্থিতি ছিল না। বরং বাংলাদেশের কৃষ্টি তুলে ধরতে ধান কাটার দৃশ্য তুলে ধরা হয়েছে। এর অর্থ এই নয় যে, বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ দেখানো হয়েছে। এখানে জাতীয় ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে কোনো দলীয় সংকীর্ণতার প্রকাশ ঘটেনি।’ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, উদ্বোধনী অনুষ্ঠান ও বাংলাদেশে অনুষ্ঠেয় আটটি ম্যাচকে জাঁকজমকপূর্ণ ও সফল করতে ৩০৪ কোটি ১৪ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের সংস্কার, উন্নয়ন ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে ২৫৯ কোটি ৬৪ লাখ টাকার বিল পরিশোধ করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য প্রায় ১০০ কোটি টাকার সরঞ্জামাদি কেনা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীদের গান নির্বাচন-সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলব, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা না হয়।’ সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়াসচিব মাহবুব আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।