খালেদা জিয়াকে সাবধান থাকার পরামর্শ মেজর আখতারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা ও সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান আগামীকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের চা-চক্রের সময় সাবধান থাকতে বেগম জিয়াকে পরামর্শ দিয়েছেন। আজ রোববার বিকেলে খোলা চিঠিতে আখতারুজ্জামান বেগম জিয়াকে লিখেছেন, ‘আপনি যাঁদের চা খাইয়ে আপনার বক্তব্য গেলানোর চেষ্টা করবেন, তাঁরা কিন্তু আপনার তাঁবেদার স্থায়ী কমিটির সদস্য বা তদবিরবাজ নির্বাহী কমিটির সদস্য নন।’ চিঠিতে বিএনপির সাবেক এই সাংসদ বেগম জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘যাঁরা আপনার চায়ের দাওয়াতে আসবেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশের বেশি আপনার ও আপনার দলের প্রতি বৈরী এবং আপনাকে বেকায়দায় ফেলার জন্যই তাঁদের কলম শাণিয়ে নিয়ে যাবেন। যদিও আপনার বেশির ভাগ আমন্ত্রিত অতিথিরা নাও যেতে পারেন।’ চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় প্রেসক্লাবের কর্তৃপক্ষের মধ্যে বেগম জিয়ার প্রভাব থাকার অর্থ সমগ্র সংবাদমাধ্যমে তাঁর প্রভাব আছে—এটি বোঝায় না। আর যাঁরা এটি তাঁকে বোঝাতে চান, তাঁদের সম্পর্কে সাবধান থাকতে বেগম জিয়াকে পরামর্শ দিয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান।গুলশানের লেক শোর হোটেলে আয়োজিত বিএনপি চেয়ারপারসনের চা-চক্রে বিভিন্ন দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার বার্তা বিভাগের প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানান হয়েছে।চিঠির ব্যাপারে জানতে চাইলে মেজর (অব.) আখতার প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসনের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি এই চিঠি লিখেছেন।