খালেদা জিয়ার অভিযোগ গঠনের শুনানি ২৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আগামী বছরের ২৪ জানুয়ারি। খালেদা জিয়ার উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এই দিন ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মওদুদ আহমদ সময়ের আবেদন করে আদালতকে বলেন, এ মামলার বিচারকাজ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আগামী বছরের ১০ জানুয়ারি ওই আবেদনের বিষয়টি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। তাই আবেদনটি আপিল বিভাগ থেকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানান মওদুদ আহমদ। এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, ২০০৮ সালে মামলাটি করা হয়। ২০০৯ সালে অভিযোগপত্র দাখিল করা হলেও আসামিপক্ষ বিভিন্ন অজুহাতে সময়ের আবেদন করায় শুনানি করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া উচ্চ আদালতের আদেশের যে অনুলিপি দাখিল করা হয়েছে, এতে বিচারিক আদালতের প্রতি কোনো নিষেধাজ্ঞা নেই। তাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করতে আদালতের আইনগত কোনো বাধা নেই। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য করেন আগামী ২৪ জানুয়ারি। বেলা একটা ১০ মিনিটে খালেদা জিয়া আদালতে হাজির হন। এরপর ২০ মিনিটের শুনানি শেষে তিনি আদালত থেকে বের হন। খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, গোলাম মোস্তফা খানসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। আদালতে খালেদা জিয়ার হাজির হওয়া উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়। প্রায় ৬০০ পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।সকাল থেকে প্রত্যেককে তল্লাশি করে আদালত প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয়। বিএনপিপন্থী আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণে দফায় দফায় মিছিল করেন। বিএনপিপন্থী আইনজীবী ও কর্মী-সমর্থকেরা মিছিল করতে করতে পুরান ঢাকার নয়াবাজার থেকে খালেদা জিয়াকে আদালতে নিয়ে আসেন।এর আগে এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য কয়েকবার তারিখ রাখা হলেও খালেদা জিয়া হাজির না হওয়ায় শুনানি হয়নি। এই প্রেক্ষাপটে গত ১৩ সেপ্টেম্বর আসামি পক্ষের আইনজীবীরা নিশ্চয়তা দেন, এ মামলার পরবর্তী তারিখে তাঁকে হাজির করা হবে। কিন্তু দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা এর বিরোধিতা করলে পরে আসামিপক্ষের আইনজীবীরা খালেদা জিয়াকে নির্ধারিত তারিখে আদালতে হাজির করার লিখিত প্রতিশ্রুতি দেন। পরে শুনানির জন্য ১১ অক্টোবর দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন।ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেছিলেন, তিনটি কারণে এ মামলায় সময়ের আবেদন করা হয়েছে। প্রথমত, খালেদা জিয়া অসুস্থ। দ্বিতীয়ত, সংসদ অধিবেশন চলছে। তাই বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি ব্যস্ত। তৃতীয়ত, এ মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে, তা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, ২০০৯ সালের ৫ আগস্ট এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। নানা কারণ দেখিয়ে বারবার সময় নেওয়ায় তিন বছরেও অভিযোগ গঠনের বিষয়ে শুনানি সম্ভব হয়নি। এটা রাষ্ট্রপক্ষের জন্য একটি ব্যর্থতা।