জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ দিন ধার্য করেন।আজ খালেদা জিয়ার উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তাঁর পক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, নবম জাতীয় সংসদের চলতি অধিবেশনের কারণে খালেদা জিয়া ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাই আজ তিনি আদালতে হাজির হতে পারেননি। এ কারণেই শুনানির জন্য আরও সময় প্রয়োজন।এদিকে এ মামলার অপর তিন আসামির মধ্যে জিয়াউল ইসলাম (বর্তমানে বিআইডব্লিউটির ভারপ্রাপ্ত পরিচালক) এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আদালতে উপস্থিত ছিলেন। আজ তাঁদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাঁরা মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ১৮ মার্চ পর্যন্ত তাঁদের জামিনের মেয়াদ বৃদ্ধি করেন।মামলার অপর আসামি খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী পলাতক রয়েছেন।জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে গত বছরের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।