খালেদা জিয়ার অভিযোগের জবাব দিয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া ভাষণে ভারত সম্পর্কে আনা নানা অভিযোগের জবাব দিয়েছে দেশটি। ভারতের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি লিখিত জবাব খালেদা জিয়াকে দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন সৌজন্য সাক্ষা ৎ করেন। সেখানে তিনি খালেদা জিয়ার কাছে ভারতের জবাবসংবলিত একটি চিঠি দেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।গত ২৯ জুন সংসদে দেওয়া ভাষণে খালেদা জিয়া নারায়ণগঞ্জে কনটেইনার টার্মিনাল নির্মাণের জন্য বাংলাদেশকে না জানিয়ে ভারতের দরপত্র আহ্বান, তিস্তা চুক্তি না হওয়া, টিপাইমুখ বাঁধ নির্মাণ ও সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশি নাগরিকদের হত্যার অভিযোগ তুলে ধরেন। সাক্ষা ৎ শেষে গুলশান কার্যালয় থেকে বেরোনোর পর রিয়াজ রহমান প্রথম আলোকে বলেন, চিঠিতে ভারতের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে ভুল-বোঝাবুঝির অবসানের জন্য ভারতের পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়েছে বলে খালেদা জিয়াকে জানিয়েছেন পঙ্কজ সরন। রিয়াজ রহমান জানান, বৈঠকে বিএনপির চেয়ারপারসন ভারতের হাইকমিশনারকে বলেন, ‘আমরা এই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানতে পারছিলাম না। ভারত ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো কিছু জানানো হচ্ছিল না।’ রিয়াজ রহমান আরও বলেন, বৈঠকে চার সিটি করপোরেশন নির্বাচনসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেছেন, এর মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং এটাই তাঁরা চান। এ সময় পঙ্কজ সরন খালেদা জিয়াকে বলেন, ‘আপনারা তো সিটি করপোরেশন নির্বাচনে জিতেছেন।’ এর জবাবে খালেদা জিয়া বলেন, ‘চার সিটিতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রার্থীরা আরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হতো।’ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, দুটি দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খালেদা জিয়া ভারতের হাইকমিশনারকে বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়। এ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, ভারতও তা-ই চায়। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। ভারত চায় দুটি দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে উঠুক। বৈঠকে ভারতের হাইকমিশনার তাঁর দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি অভিনন্দনপত্র বিএনপির চেয়ারপারসনকে দেন। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে খালেদা জিয়ার দেওয়া চিঠির জবাবে মনমোহন এই পত্র দেন।