বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আট সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর এ জামিন মঞ্জুর করেন।এর আগে সকালে বিএনপির চেয়ারপারসনের পক্ষে জামিন আবেদন করা হয়। বেলা দুইটা ২৫ মিনিটে আদালত প্রাঙ্গণে যান খালেদা। এর আগে খালেদা জিয়ার কৌঁসুলি রফিক-উল হক বলেন, জামিন আবেদন রয়েছে। আবেদনকারী কাছাকাছি আছেন। এরপর দুইটা ৩৭ মিনিটে খালেদা জিয়া এজলাসকক্ষে ওঠেন। দুইটা ৪৫ মিনিটে তিনি এজলাসের সামনে যান। আদালতকে সালাম দেন। আদালত সালামের উত্তর দেন। তিনি এজলাসকক্ষে বাঁ পাশের প্রথম বেঞ্চের ডান পাশে বসেন। তাঁর পাশে ছিলেন আইনজীবী টি এইচ খান। দুইটা ৪৫ মিনিটে জামিন আবেদন তুলে ধরে আইনজীবী রফিক-উল হক বলেন, ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিনের আবেদন জানানো হচ্ছে। এটি একটি প্রাইভেট ট্রাস্ট। এখানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কী অভিযোগ থাকতে পারে?’ আদালত বলেন, ‘আগাম জামিন চাচ্ছেন?’ রফিক-উল হক হ্যাঁ সূচক জবাব দেন। এ পর্যায়ে আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনতে চান। শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির বলেন, ‘আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগ দেখতে হবে। এ মামলার ক্ষেত্রে কী ঘটেছে, তা-ও দেখতে হবে। জামিন আবেদনে অধস্তন আদালতের ওপর অনাস্থার কথা বলা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নাও দিতে পারেন—এমন শঙ্কার কথা বলা হয়েছে।’ তিনি বলেন, ‘জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখন স্বাধীন। জামিন আবেদনের জন্য তাঁর নিম্ন আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।’ এরপর তিনি মামলার এফআইআরের অভিযোগ তুলে ধরেন। আদালত বলেন, এটি জামিনের জন্য উপযুক্ত মামলা। তখন আদালত ছয় সপ্তাহের জমিনের কথা বলেন। এ পর্যায়ে আইনজীবী রফিক-উল হক বলেন, আবেদনকারীর শারীরিক অবস্থা বিবেচনা করে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত জামিন দেন, রুল জারি করেন। আদালত বলেন, আপিল বিভাগের রায়ের পর রুল দেওয়া যায় না। এ পর্যায়ে খালেদার অপর কৌঁসুলি আহসানুল হক করিম ছয় মাসের জামিন মঞ্জুরের আবেদন জানান। রফিক-উল হক বক্তব্য সমর্থন করে বলেন, ‘আমাদের সবার আবেদনে ছয় মাসের জামিন মঞ্জুর করেন।’ আদালত বলেন, আইন সবার জন্য সমান। এরপর বিকেল তিনটার দিকে আদালত আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। তিনটা তিন মিনিটের দিকে এজলাসকক্ষ ত্যাগ করেন খালেদা জিয়া। এ সময় আদালতে বিএনপির সমর্থক আইনজীবী ও দলীয় নেতা-কর্মীরা ছিলেন।গত ৮ আগস্ট দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলাটি দায়ের করে।এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলে খালেদা ও তাঁর বড় ছেলে তারেক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া, তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিল আবেদনের চূড়ান্ত শুনানিতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে করা আবেদনটি গত ৩০ নভেম্বর খারিজ করে দেন হাইকোর্ট।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, এর বিরুদ্ধে আপিল বিভাগে চলতি সপ্তাহে আবেদন করেন খালেদার আইনজীবীরা। এ আবেদন শুনানির অপেক্ষায়। এ ছাড়া বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বাতিল আবেদন চূড়ান্ত শুনানির জন্য রয়েছে।