খালেদা জিয়ার আপিল অনুমতির আবেদনের শুনানি ১২ জুন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) করেছেন। ১২ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ আবেদন শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। খালেদা জিয়ার আইজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শুনানির এ দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রাগিব রউফ চৌধুরী, জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ মামলা পরিচালনা করেন। আদালত থেকে বেরিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গতকাল লিভ টু আপিল দায়ের করা হয়। আজ শুনানির দিন নির্ধারণের জন্য আবেদনটি চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয়। ১২ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেন আদালত। মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ১৮ মার্চ বিচারিক আদালতে এই মামলার অভিযোগ শুনানির দিন ধার্য রয়েছে। আপিল আবেদনটি উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নিম্ন আদালতে মামলার কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। গত ১৪ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বাতিলের আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ) রায় দেন হাইকোর্ট। বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের এক আদেশে মামলাটি বাতিল প্রশ্নে রুল ১৫ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। পরদিন রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ১৪ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া, তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় এ মামলাটি করে দুদক। পরের বছর ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন।