ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দেওয়া অথবা প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার সকালে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। তবে বাড়ি নিয়ে করা মূল রিটের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা জানিয়ে গত মঙ্গলবার খালেদা জিয়া ওই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে এ আবেদনটি করেন। আবেদনটি সরাসরি খারিজ করে দিয়ে বেলা পৌনে ১১টায় দেওয়া আদেশে আদালত বলেন, ‘এর আগে গত ১১ এপ্রিল প্রধান বিচারপতির কাছে বিষয়টি পাঠানোর আবেদন খারিজ করা হয়েছে। কারণ, প্রধান বিচারপতিই বিশেষভাবে এ আদালতে বিষয়টি (রিট) শুনানির জন্য পাঠিয়েছিলেন। তাই আমরা মনে করি, প্রধান বিচারপতির পরবর্তী আদেশ ছাড়া বিষয়টি আবার তাঁর কাছে ফেরত পাঠানো সমীচীন হবে না।’ আদালত আরও বলেন, গত ১৩ এপ্রিল দেওয়া আদেশেও বলা হয়েছিল, বিষয়টি (রিট) প্রধান বিচারপতির কাছে পাঠানোর মতো অবস্থা এ আদালতের নেই। কারণ, প্রধান বিচারপতিই এ আদালতে বিষয়টি পাঠিয়েছেন। তাই আবেদনকারীর সুযোগ ছিল ওই আদেশের বিরুদ্ধে আপিল করার। কিন্তু তা করা হয়নি। এমনকি প্রধান বিচারপতির কাছে বিষয়টি পাঠানোর জন্য তিনি (খালেদা জিয়া) কোনো উদ্যোগও নেননি। তাই সব ঘটনা ও প্রেক্ষাপট বিবেচনা করে আবেদনটি সরাসরি খারিজ করা ছাড়া অন্য বিকল্প নেই।আদেশের শেষাংশে খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদের বক্তব্য তুলে ধরে বলা হয়, আদেশ ঘোষণার সময় তিনি আপিল করার কথা জানিয়ে শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি রাখার জন্য বলেন। অ্যাটর্নি জেনারেল এর বিরোধিতা করে বলেছেন, আপিল করলে আগের আদেশের বিরুদ্ধে ২০ দিন আগেই করা যেত, এখন এই মুলতবির আবেদন শুনানি বিলম্বিত করার জন্যই করা হচ্ছে। আদালত বলেন, ‘আমরা মনে করি, আবেদনকারীকে আপিলের সুযোগ দেওয়া উচিত, কারণ তিনি আপিল করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করা হলো।’ আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও খোন্দকার দিলিরুজ্জামান এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী টি এইচ খান, মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, গাজী কামরুল ইসলাম, কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। শুনানি: শুনানিতে মওদুদ আহমদ বলেন, আবেদনকারী ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করেছেন। অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম রিট মামলার শুনানি নিয়ে ঘটনাক্রম বর্ণনা করে বলেন, ইতিপূর্বে হাইকোর্টের অপর একটি বেঞ্চে আবেদনকারী পাঁচবার সময় নেওয়ার পর ওই আদালতের প্রতি অনাস্থা জানান। ওই আদালত একে নজিরবিহীন উল্লেখ করে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠান। প্রধান বিচারপতি এ আদালতে শুনানির জন্য পাঠান। এ আদালতে তিনবার অনাস্থার আবেদন জানানো হয়েছে। আগে করা আবেদন আদালত খারিজ করে দিয়েছেন। শুনানি বিলম্বিত ও আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একই ধরনের আবেদনের পুনরাবৃত্তি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। আদেশের পর মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করার হবে। এ জন্য এক সপ্তাহ মূল রিটের শুনানি মুলতবি করা হয়েছে। গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিট করলে ২৭ মে আদালত সরকারি নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন।