খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, পুলিশ বলছে, বোমা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গেটের সামনে থেকে লাল স্কচ টেপে মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ শাখা বস্তু দুটি পরীক্ষা করে জানিয়েছে, এগুলো বোমা নয়। কেউ আতঙ্ক সৃষ্টির জন্য এ কাজ করে থাকতে পারে।খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর বিএনপির নেতারা তাঁর নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে নিরাপত্তাকর্মীরা গেটের পাশে লাল স্কচ টেপে মোড়ানো দুটি বস্তু দেখতে পান। তাঁরা তখনই পুলিশকে খবর দেন।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ কবির জানান, একটি জর্দার কৌটা লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। কৌটার ভেতরে পাথরের কিছু টুকরো ও এক ধরনের পাউডার পাওয়া গেছে। আর কিছু ছিল না। তবে বোমা বিশেষজ্ঞ দল জানিয়েছে, খুব জোরে কোনো কিছুর সঙ্গে আঘাত করা হলে এটি সামান্য শব্দে বিস্ফোরিত হতে পারত। এটির ক্ষতি করার কোনো ক্ষমতা নেই।সকালে পুলিশ বস্তু দুটি নিজেদের হেফাজতে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা বিশেষজ্ঞদের খবর দেন। বোমা নিষ্ক্রিয়করণ শাখার প্রধান সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে পৌঁছায়। বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা এটি পরীক্ষা করে জানান, বস্তু দুটি বোমাসদৃশ হলেও এগুলো আসলে বোমা নয়। কেউ আতঙ্ক সৃষ্টির জন্য এমনটা করেছে।নিরাপত্তা জোরদার করার দাবি: বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে বলেছেন, খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমা ও ককটেল পেতে রাখার ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন। সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে বিএনপির চেয়ারপারসন যখন সোচ্চার, তখন এই বোমা পেতে রাখা কিসের আলামত তা বুঝতে বাকি থাকে না। তিনি অভিযোগ করেন, সরকার খালেদা জিয়ার নিরাপত্তা তো বাড়াচ্ছেই না বরং অতীতে যে নিরাপত্তাব্যবস্থা ছিল, তাও প্রত্যাহার করেছে।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক গতকাল সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বলেন, ‘আমরা সরকারের কাছে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের আহ্বান জানাচ্ছি।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান। তিনি বলেন, এ ঘটনা রহস্যজনক। কোনো পরিকল্পনার অংশ হিসেবেই এমন ঘটনা ঘটানো হয়েছে।খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে নোয়াখালী ও চাঁদপুর বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। নয়াপল্টন কার্যালয়ের সামনে ছাত্রদল তাত্ক্ষণিক প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে।