খালেদা জিয়ার গুলশান কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকসংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার রাতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনি ওই কার্যালয়ে ছিলেন।রাত ১০টা ১০ মিনিটের দিকে কে বা কারা বিএনপির চেয়ারপারসনের কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে।খালেদা জিয়ার প্রেস-সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা কয়েকজন কার্যালয়ের সামনে এসে পর পর দুটি বোমা নিক্ষেপ করে। এ সময় গেটের সামনে প্রচণ্ড শব্দ হয় ও ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবন তখন গেট দিয়ে বের হচ্ছিলেন। তাঁর পায়ের কাছে বোমাটি পড়ে বিস্ফোরিত হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।পুলিশের গুলশান অঞ্চলের উপকমিশনার হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হলে একটি বিস্ফোরিত হয়েছে। তবে কেউ আহত হয়নি। ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে করে পালানোর সময় পুলিশ প্রদীপ সাহা নামের একজনকে আটক করেছে। প্রদীপ নোয়াখালীর সোনাইমুড়ী থানা ছাত্রদলের সহসভাপতি। পুলিশের কাছে প্রদীপ দাবি করেছেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনে সেখানে এসেছিলেন।