খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার রাতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। রাত ১০টা ১০ মিনিটে কে বা কারা চেয়ারপারসনের কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। এ সময় খালেদা জিয়া কার্যালয়েই ছিলেন। খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলে এসে হঠাত্ করে অজ্ঞাত কয়েকজন কার্যালয়ের সামনে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। এ সময় গেটের সামনে প্রচণ্ড শব্দ হয় এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ ওরফে পবন গেট দিয়ে বের হচ্ছিলেন। তাঁর পায়ের কাছে বোমাটি পড়ে। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান। পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল থেকে দুটি ককটেল মারা হয়। একটি বিস্ফোরিত হয়েছে। তবে কেউ আহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে প্রদীপ সাহা নামে একজনকে আটক করেছে। তবে প্রদীপ দাবি করেছেন, শব্দ শুনে তিনি সেখানে আসেন।