খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে: শাজাহান
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ রোববার জাতীয় সংসদে নৌমন্ত্রী এ কথা বলেন। নৌমন্ত্রী সরকারের নানা উন্নয়নকাজের ফিরিস্তির বর্ণনা দিয়ে বলেন, ‘বিরোধীদলীয় নেত্রীর বয়স তো কম হলো না। তাঁর চোখে ছানি পড়েছে। ছানি অপারেশন করে দিলেই তিনি এই সরকারের নানা উন্নয়ন দেখতে পেতেন।’ নৌমন্ত্রী বলেন, বাংলাদেশকে একসময় মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল তলাবিহীন ঝুড়ি। কিন্তু যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। সারা পৃথিবীই বলছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রবৃদ্ধি বেড়েছে। সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১১তম। নৌমন্ত্রী বলেন, দেশের জন্য কারও দরদ থাকলে শেখ হাসিনারই আছে। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকারের পর তিনিই ২৬ হাজার বেসরকারি বিদ্যালয়কে সরকারীকরণ করেছেন। জামায়াত-বিএনপির সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত এক পরিবার। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বিভিন্ন সময় জামায়াতের নেতাদের মুক্তি দাবি করেছেন। জনগণ এগুলো ক্ষমা করবে না। বাংলার মাটিতে রাজাকারদের বিচার হবেই।’