খালেদা জিয়ার নেতৃত্বে চার দলের রোডমার্চ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে সিলেট অভিমুখে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের রোডমার্চ আজ সোমবার শুরু হচ্ছে। খালেদা জিয়ার নেতৃত্বে সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। সিলেট যাওয়ার পথে ছয়টি জেলার ছয় জায়গায় পথসভায় ভাষণ দেবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। পথসভাগুলো হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব, নরসিংদীর ইটখোলা, কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার কড্ডাপাড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজার জেলার শেরপুরে। এরপর রোডমার্চের বহরটি সিলেটে পৌঁছাবে। আজ রাতে সিলেট সার্কিট হাউসে থাকবেন খালেদা জিয়া ও অন্য নেতারা। কাল মঙ্গলবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে রোডমার্চের প্রথম কর্মসূচি শেষ হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চার দল এ কর্মসূচি পালন করছে। এরপর ১৮ অক্টোবর ঢাকা থেকে রাজশাহী এবং তারপর চট্টগ্রাম, রংপুর ও খুলনা অভিমুখে রোডমার্চ হবে। আর ২৫ অক্টোবর ময়মনসিংহে জনসভা করবে চার দল।রোডমার্চের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, রোডমার্চের বহরে তিন হাজারের মতো গাড়ি থাকবে। চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বিজেপি ও খেলাফত মজলিস রোডমার্চে অংশ নেবে। জোটের নেতা-কর্মী ছাড়াও বিএনপি ও সমমনা কয়েকটি রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং বিকল্পধারা ও এলডিপির নেতারা অংশ নেবেন।বিএনপির রোডমার্চ ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখা যাবে। ওয়েবসাইটটি হলো: www.bnplive.com তোরণ, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে মহাসড়ক: রোডমার্চকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অসংখ্য তোরণ নির্মাণ এবং ব্যানার ও ফেস্টুন ঝুলিয়েছে স্থানীয় বিএনপি।প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি জানান, সিলেটের প্রবেশদ্বার হবিগঞ্জের ৮৭ কিলোমিটার মহাসড়কজুড়ে নির্মাণ করা হয়েছে দুই শতাধিক তোরণ। ঝোলানো হয়েছে সহস্রাধিক ব্যানার ও ফেস্টুন। হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ বলেন, রোডমার্চকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত। সিলেটে হয়রানির অভিযোগ: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, গতকাল সিলেটে এক সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করে, রোডমার্চ ও জনসভার প্রচারে পুলিশ বিঘ্ন সৃষ্টি করছে। যানবাহনের লাইসেন্স পরীক্ষার নামে এক ধরনের ধরপাকড় ও ভীতির সৃষ্টি করা হচ্ছে।রোডমার্চ সফল করতে গতকাল বিকেলে সিলেট শহরে বড় একটি মিছিল বের করে বিএনপি। কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি চৌহাট্টায় গিয়ে শেষ হয়। রোডমার্চ ও জনসভা উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি করেছেন। বাধা দিলে বিএনপি বসে থাকবে না: ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গতকাল বিকেলে ঢাকায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রোডমার্চে প্রশাসন বা সরকারদলীয়রা বাধা দিলে বিএনপি নীরবে বসে থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে তারা এর বিহিত করবে। সাদেক হোসেন খোকা অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীদের রোডমার্চের জন্য গাড়ি ভাড়া নিতে বাধা দিচ্ছে সরকারদলীয়রা। ভাড়া করা অনেক গাড়ি অগ্রিম টাকাও ফেরত দিয়েছে। সরকারের চাপে অনেকেই গাড়ি ভাড়া দিতে চাচ্ছে না।এক প্রশ্নের জবাবে খোকা বলেন, রোডমার্চে বাধা দিলে এর দায় সরকারকেই বহন করতে হবে। তিনি জানান, সকাল ১০টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে সিলেট অভিমুখে রোডমার্চটি শুরু হবে। নাসের রহমানের বক্তব্যের প্রতিবাদ: মৌলভীবাজার প্রতিনিধি জানান, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদকের সমর্থক নেতা-কর্মীরা। গতকাল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় পৃথক সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়। নাসের রহমান গত শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের বলেছিলেন, ‘বিএনপিতে বিরোধ রয়েছে বলে যারা প্রচার করছে, তারা হচ্ছে ছাগলের ৩ নম্বর বাচ্চা।’ তাঁর এ বক্তব্য গতকাল দেশের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হয়েছে।