খালেদা জিয়ার প্রতি মিথ্যাচার বন্ধের আহ্বান শেখ হাসিনার
মিথ্যাচার বন্ধ করে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষকে ভাওতা দেওয়ার জন্য গালভরা বক্তৃতা দিয়ে লাভ নেই। দায়িত্বশীল ভূমিকা পালন করুন। সরকারের ভুল-ভ্রান্তি ধরিয়ে দিন। কিন্তু মিথ্যা তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। দেশের মানুষ আর অন্ধকারের দিকে ফিরে যেতে চায় না।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। নিজেদের ভাগ্যবদলের জন্য নয়।’ তাঁর সরকার মানুষের দুঃখ-কষ্ট দূর করতে চায়। এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতার যে কমতি নেই, তা দেশের মানুষও বোঝে এবং বিশ্বাস করে। সরকারের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষ যাতে কোনো কষ্ট না পায়, কারও পেট যাতে খালি না থাকে—তাঁরা সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।আওয়ামী লীগের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরীসহ অনেকেই বক্তব্য দেন। বাসস।