খালেদা জিয়ার বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী: আশরাফ
বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের সব কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করবে—বেগম খালেদা জিয়ার এই বক্তব্যকে ফ্যাসিস্ট হিটলারের কণ্ঠস্বরের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ক্ষমতায় গিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সব অর্জনকে অবৈধ ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার বিচারের অধিকার, সংবিধান, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, জয়বাংলা রণধ্বনি, গণতন্ত্র ও মানবাধিকারকে অবৈধ ঘোষণা করা হয়েছিল।বেগম জিয়া ক্ষমতায় গিয়ে আর কী অবৈধ ঘোষণা করবেন—প্রশ্ন রেখে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকেও কি তিনি অবৈধ ঘোষণা করবেন?আজ বুধবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। ৯ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যে বক্তব্য রেখেছেন, তার জবাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার সম্পাদক নুহ-উল আলম লেনিন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন।সৈয়দ আশরাফ অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা কর্তৃক কোনো তথ্য-পরিসংখ্যান ছাড়া প্রধানমন্ত্রীর ভাষণকে ‘ডাহা মিথ্যা’ বলে অভিহিত করা কেবল অসৌজন্যতার পরিচায়কই নয়, বরং কাণ্ডজ্ঞানশূন্য ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।‘তাদের ভয়ে কেউ টু শব্দটি করতে পারে না’—খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে আনা এই অভিযোগের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘কেউ যদি টু শব্দ’ করতে না পারেন, তবে বিরোধী দলের নেত্রী ভাষণ দিতে পারলেন কীভাবে? তাঁর বক্তৃতা পত্রিকায় ছাপা হচ্ছে কীভাবে?শিক্ষানীতি সর্বজনীন হয়ে ওঠেনি—এই অভিযোগের জবাবে বিএনপির প্রতিনিধি শিক্ষা প্রণয়ন কমিটিতে থাকা সত্ত্বেও অংশগ্রহণ করেননি কেন, তার জবাব চেয়ে আশরাফ বলেন, শিক্ষানীতি সর্বজনীন করতে হলে কোন কোন বিষয় তাতে সন্নিবেশিত করতে হবে, এ ব্যাপারে বেগম জিয়া ও তাঁর দল বিএনপি কখনো কিছু বলেনি। বিএনপি-জামায়াতের আমলে শিক্ষানীতি কী ছিল, তাও জাতি জানতে চায় বলে সৈয়দ আশরাফ বলেন।নতুন বছরে ২৩ কোটি পাঠ্যবই ছাত্রদের হাতে দিতে পারা সরকারের বড় সাফল্য। এর পরও শিক্ষার্থীদের বেশির ভাগই এখনো নতুন বই পায়নি—বেগম জিয়ার এই অভিযোগকে মিথ্যাচার উল্লে¬খ করে সৈয়দ আশরাফ বলেন, এই বদভ্যাসটি ত্যাগ করলে দেশের রাজনীতি কলুষমুক্ত হবে।বেগম জিয়ার ‘আমরা সংসদে যেতে চাই’ বক্তব্যের জবাবে ১৭৪ কার্যদিবসে পাঁচদিন উপস্থিত থেকে কীভাবে সংসদকে কার্যকর করবেন প্রশ্ন রেখে সৈয়দ আশরাফ বলেন, সংসদে কথা বলতে না দেওয়ার অভিযোগটি অসত্য। এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের আমলে তত্কালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনার মাইক ৭২ বার বন্ধ করে দেওয়া হলেও এ সরকার আমলে সংসদে বেগম জিয়া এক দিনেই পৌনে দুই ঘণ্টা একটানা বক্তৃতা দিয়েছেন। ট্রেন ও বাস পুড়িয়ে নিরীহ মানুষকে মারার মতো কাজ করে কোনো লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, এতে দেশের অর্থনীতিই নয়, গণতন্ত্রেরও ক্ষতি হয়। এ প্রসঙ্গে তিনি এক-এগারোর অভিজ্ঞতা খালেদা জিয়া ও বিএনপিকে স্মরণ করিয়ে দেন। এক-এগারোতে আওয়ামী লীগ লাভবান হয়েছে—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ লাভবান হলে শেখ হাসিনা প্রথমেই গ্রেপ্তার হতেন না। এক-এগারো না হলে আওয়ামী লীগ দুই বছর আগেই ক্ষমতায় আসতে পারত।অন্য এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, বেগম জিয়া যদি সংসদে এসে এই অভিযোগ করতেন, তাহলে এই সংবাদ সম্মেলনের প্রয়োজন হতো না। সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা মনে করি, সংসদ সব আলোচনার কেন্দ্রবিন্দু।’