খালেদা জিয়ার বক্তব্য পত্রিকায় ‘ভিন্নভাবে’ এসেছে: ফখরুল
‘সেনাবাহিনীরও দেশের প্রতি কর্তব্য আছে। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। মানুষ খুন করবে আর তারা চেয়ে চেয়ে দেখবে? কাজেই সেনাবাহিনী সময়মতোই তাদের দায়িত্ব পালন করবে’—খালেদা জিয়া এ বক্তব্য দেননি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল সোমবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ দাবি করেন। তিনি আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছেন। ফলে আজ থেকে টানা পাঁচ দিন ছুটি ও হরতালের ফাঁদে পড়ল দেশ।জোটের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি, ‘গণহত্যা’ বন্ধ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত রোববার বগুড়ায় সেনাবাহিনী নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অনেক পত্রিকায় ‘একটু ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘পথসভাগুলোর বক্তব্য কয়েকটি পত্রিকায় একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি (খালেদা জিয়া) কী বলেছিলেন, তা আমি বলছি। তিনি ধন্যবাদ দিয়েছিলেন, শাজাহানপুরে সেনা মোতায়েনের পর সেখানে কোনো গুলিবর্ষণ না করেই তারা শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। তিনি বলেছিলেন, আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তিরক্ষায় কাজ করে। দেশে বিশৃঙ্খলা হলে তারা সময়মতো কাজ করবে। আমাদের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিদেশে শান্তিরক্ষায় কাজ করছে। তাদের দেশে যদি শান্তি না থাকে, তাহলে বিদেশিরা বলবে, আমাদের সেনাবাহিনী নিজের দেশেই শান্তি রক্ষা করতে পারছে না। এসব আজ ভাবার সময় এসেছে।’খালেদা জিয়া এ ছাড়া সেনাবাহিনী নিয়ে আর কিছু বলেননি বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, অনেক পত্রিকায় যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা দয়া করে যথাযথভাবে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য উপস্থাপন করলে কোনো মহলে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না।’আসলে খালেদা কী বলেছিলেন: বগুড়ার মাটিডালিতে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও রেকর্ড প্রথম আলোর কাছে আছে। ভিডিও রেকর্ডটি .িঢ়ৎড়ঃযড়স-ধষড়.পড়স এই ওয়েব ঠিকানায় দেওয়া আছে। রেকর্ড অনুযায়ী, খালেদা জিয়া সেনাবাহিনী নিয়ে আরও কিছু কথা বলেছেন, যা মির্জা ফখরুল এড়িয়ে গেছেন। খালেদা জিয়ার ওই বক্তব্য হুবহু গতকাল প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। খালেদার বক্তব্য ছিল এমন: ‘সেনাবাহিনীরও দেশের প্রতি কর্তব্য আছে। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। মানুষ খুন করবে আর তারা চেয়ে চেয়ে দেখবে? কাজেই সেনাবাহিনী সময়মতোই তাদের দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী সেদিন এ পর্যন্ত এসেছিল। কিন্তু সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দেব। তারা জনগণের ওপর কোনো কিছু করে নাই। সেনাবাহিনী ইউএন (জাতিসংঘ) মিশনে যায়, কাজ করে। শান্তিরক্ষার জন্য তারা বিদেশে যায়। যে দেশের সেনাবাহিনী বিদেশে শান্তিরক্ষার জন্য কাজ করছে, সে দেশে যদি শান্তি না থাকে, তাহলে বিদেশিরা বলবে, তারা কীভাবে শান্তিরক্ষায় কাজ করবে? কাজেই চিন্তার বিষয় আছে। আপনাদের সবাইকে এটা চিন্তা করতে হবে।’গতকালের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনীর দায়িত্ব সবকিছুতেই আছে। নিয়ম অনুযায়ী, প্রশাসন বা সরকার যদি আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চায়, তাহলে তারা আসে, অতীতেও এসেছে। যেসব নির্বাচনে সেনা মোতায়েন করা হয়েছে, সেসব নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় যখন ডাকা হয়, তখনো তারা ভূমিকা রেখেছে।আরেক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি সেনা হস্তক্ষেপ শুধু অপছন্দ করে তা নয়, এর বিরোধিতাও করে। বিএনপি জনগণের শাসন, গণতন্ত্রে বিশ্বাস করে।‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না’—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র এনেছেন, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র এনেছেন। আওয়ামী লীগ বাকশাল করে গণতন্ত্র ধ্বংস করেছিল। তাই কারা গণতন্ত্রে বিশ্বাসী, তা বলার অপেক্ষা রাখে না।মার্চে সরকারি ছুটি ১২ দিন, হরতাল নয় দিন: চলতি বছরের মার্চে শুক্র ও শনিবার মিলে সাপ্তাহিক ছুটি মোট ১০ দিন। এ ছাড়া জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সরকারি ছুটি। নতুন দুই দিনের হরতালসহ এ মাসেই মোট হরতাল হচ্ছে নয় দিন। ফলে ৩১ দিনের মার্চ মাসে ২১ দিনই ছুটির আমেজ। বাধাবিঘ্ন ছাড়া এ মাসে মোট কার্যদিবস হলো ১০ দিন।তৈরি পোশাক রপ্তানি বাণিজ্যে যুক্ত ইমরুল আহসান বললেন, তাঁদের জন্য কার্যদিবস আরও তিন দিন কম। কেননা, সরকারি ছুটি ও হরতালের পরও আরও তিনটি রোববার রয়েছে। ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর বেশির ভাগ দেশেই রোববার সপ্তাহিক ছুটি। তাই রপ্তানি বাণিজ্যে রোববারও ছুটির দিন।এ মাসে জামায়াতে ইসলামী তাদের নায়েবে আমির ও মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের প্রতিবাদে ৩ ও ৪ মার্চ হরতাল করে। ‘গণহত্যা’র প্রতিবাদে ৫ মার্চ ও গণমিছিলে বাধার প্রতিবাদে ৭ মার্চ হরতাল করে বিএনপি। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ‘পুলিশের বাধা’র প্রতিবাদে ১২ মার্চ জোটগতভাবে হরতাল করা হয়। ওই দিন সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫৬ জন নেতা-কর্মীকে আটক করার প্রতিবাদে ১৮ ও ১৯ মার্চ আবার হরতাল পালিত হয়। আগামীকাল ও পরশুর দুই দিন মিলে এ মাসেই বিরোধী দলের মোট হরতাল দাঁড়াল নয় দিনে।