খালেদা জিয়ার বক্তব্য শুনতে চায় জাতি: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওয়াশিংটন টাইমস’-এ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লেখা নিবন্ধের জন্য তাঁকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘ওয়াশিংটন টাইমস’-এ প্রকাশিত নিবন্ধের ব্যাপারে জাতি মওদুদ আহমদের নয়, খালেদা জিয়ার বক্তব্য শুনতে চায়।আজ শনিবার দুপুরে পাবলিক লাইব্রেরিতে চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এসব বলেন সুরঞ্জিত। খবর বাসসের।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি বিরোধী দলের নেত্রী, বিকল্প প্রধানমন্ত্রী, সংবিধানের একটি পদ দখল করে আছেন। আপনার গাড়িতে ওড়ে জাতীয় পতাকা। তাই যদি ভুল করে থাকেন, তাহলে তা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান।’সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘পদ্মা সেতুতে দেওয়ার মতো অর্থ আমাদের দেশের বেসরকারি খাতে রয়েছে। সেখানে যদি বেসরকারি খাতের সঙ্গে ব্যাংক, বিমাসহ অন্যান্য সব খাত যুক্ত করা যায়, তাহলে আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করে বিশ্বকে দেখিয়ে দিতে পারি, আমরা পরাজয় মানার জাতি নই।’এ ছাড়া সুরঞ্জিত বিরোধী দলকে পদ্মা সেতুর বিষয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘এটা জাতীয় সম্মানের প্রশ্ন। এটি ক্রান্তিলগ্ন, এখন জাতীয় ঐক্যের দরকার। আপনাদেরও দেশপ্রেমের পরীক্ষা। এ নিয়ে আর কালক্ষেপণ নয়, নিজেদের মধ্যে বিভেদ নয়। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে পারি বাঙালিরা পরাভব মানার জাতি নয়।’বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়িকা রুহুন্নেছা রুনার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, সাংসদ তালুকদার মো. ইউনুস, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সোনারগাঁও চারুকারু ফাউন্ডেশনের মহাপরিচালক রবীন্দ্র গোপ, আবাহনী লিমিটেডের পরিচালক শেখ মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।