খালেদা জিয়ার বাড়ি: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল
বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাড়ি ছাড়া সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে।আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে আপিলটি করা হয়। পরে দুপুরে লিভ টু আপিলটি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয়। চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কাল বিষয়টির ওপর শুনানির দিন ধার্য করেছেন। খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। কাল চেম্বার বিচারপতির আদালতে এই লিভ টু আপিলের ওপর শুনানি হবে। হাইকোর্ট গত ১৩ অক্টোবর সেনানিবাসের বাড়ি ছাড়ার জন্য খালেদা জিয়াকে ৩০ দিন সময় দিতে সরকারকে নির্দেশ দেন। বাড়ি ছাড়তে দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিটটি ওই দিন খারিজ (রুল ডিসচার্জ) করে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন। সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়। একই বছরের ৭ ও ২৪ মে দুই দফায় আবার তাঁকে বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। এরপর বাড়ি ছাড়তে দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ মে হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিতসহ রুল জারি করেন। চলতি বছর গত ৬ জুন রুলের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু হয়। শুনানিকালে ২৩ আগস্ট হাইকোর্ট বাড়িটির ইজারা-সংক্রান্ত যাবতীয় নথিপত্রও তলব করে। দীর্ঘ ২২ কার্যদিবস শুনানি শেষে আদালত ৬ অক্টোবর আদালত রায় প্রদানের ১৩ অক্টোবর দিন ধার্য করেন।