খালেদা জিয়ার বাড়ির ইস্যুটি রাজনৈতিকভাবে সমাধান হবে: দেলোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির ইস্যুটি রাজনৈতিকভাবেই সমাধান হবে। এখানে মানবিক দিক বিবেচনা করার কোনো কারণ নেই। সরকার রাজনৈতিক কারণেই খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে, কোনো মানবিক কারণে নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারামুক্তির পর আজ শনিবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে থাকা বিএনপির মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মানবতার কথা চিন্তা করে খালেদা জিয়ার বাড়ি ছেড়ে দেওয়া উচিত বলে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন।উল্লেখ্য, গত ২৭ জুন বিএনপির হরতাল চলাকালে মির্জা আব্বাসকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।