খালেদা জিয়ার বাড়ির রায় ১৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ এবং আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা পৃথক রিটের শুনানি শেষ হয়েছে। খালেদা জিয়ার রিটের ওপর ১৩ অক্টোবর, বুধবার রায় দেবেন হাইকোর্ট। আর কোকোর রিটের রায় দেবেন ১১ অক্টোবর, সোমবার। গতকাল বুধবার হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ রুলের চূড়ান্ত শুনানি শেষে রায়ের এসব দিন নির্ধারণ করেন।সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৩ মে তিনি হাইকোর্টে রিট করেন। এরপর একই বছরের ৭ ও ২৪ মে দুই দফায় তাঁকে বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৭ মে হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করেন ও রুল জারি করেন। চলতি বছরের ৬ জুন রুলের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু হয়। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। শুনানিকালে গত ২৩ আগস্ট বাড়িটির ইজারাসংক্রান্ত নথিপত্র তলব করা হয়। দীর্ঘ ২২ কার্যদিবস শুনানি শেষে গতকাল আদালত ১৩ অক্টোবর রায় প্রদানের দিন ধার্য করেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, রফিক-উল হক ও মওদুদ আহমদ শুনানি করেন।এদিকে গতকাল বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও কাজী রেজা-উল-হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কোকোর প্যারোল বাতিল প্রশ্নে রুলের শুনানি হয়। আদালতে কোকোর পক্ষে আইনজীবী রফিক-উল হক, মাহবুব উদ্দিন এবং সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মামলা পরিচালনা করেন। উল্লেখ্য, ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন এবং শর্তসাপেক্ষে তাঁর প্যারোলের মেয়াদ বৃদ্ধি করেন। তবে এতে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আদালত এক সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।