২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউককে চার দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।ডিউককে সিআইডি দপ্তরে ডেকে নিয়ে বুধবার বেলা তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। সিআইডি গতকাল বৃহস্পতিবার ডিউককে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত তাঁর জামিন আবেদন নাকচ এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড আবেদনে মামলার অধিকতর তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ উল্লেখ করেন, সাইফুল ইসলাম ডিউক এ মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছেন। এ ছাড়া মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামিদের সঙ্গে ডিউকের যোগাযোগ রয়েছে। তাই ২০০৪ সালের ২১ আগস্ট হামলায় ব্যবহূত গ্রেনেড সরবরাহকারী ও মদদদাতা সম্পর্কে আরও তথ্য এবং অপরাপর সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম-ঠিকানা উদ্ধারের জন্য ডিউককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। ডিউকের রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া। তাঁরা বলেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ মামলায় ডিউককে গ্রেপ্তার দেখানো হয়েছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে (২০০১-০৬) তাঁর একান্ত সচিব ছিলেন ডিউক। তাঁকে এর আগে গত মঙ্গলবার সিআইডি কার্যালয়ে ডেকে নিয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন বুধবার আবার সিআইডি কার্যালয়ে ডাকা হয়। তিনি বেলা তিনটায় সিআইডি কার্যালয়ে যান। এরপর তাঁকে আর ছাড়া হয়নি।সিআইডি সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর এ ঘটনার ব্যাপারে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাঁর জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যদের ভূমিকা কী ছিল, তা নিয়ে ডিউককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া তাঁর ভায়রা লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) সাইফুল ইসলাম জোয়ার্দারের তত্পরতা ও বর্তমান অবস্থানসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। সাইফুল ইসলাম জোয়ার্দার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পলাতক। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা জোট সরকারের আমলের শেষ দিকে ২১ আগস্ট হামলার ঘটনায় গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পালাতে সহায়তা করেন বলে অভিযোগ আছে। ইতিপূর্বে ডিজিএফআইয়ের সাবেক তিন কর্মকর্তা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন।