২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউককে গতকাল বুধবার আবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর পাসপোর্ট জব্দ করা হয়েছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ডিউক তাঁর একান্ত সচিব ছিলেন।গতকাল বুধবার রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় সিআইডি কার্যালয় থেকে ডিউক ছাড়া পাননি। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছিল, তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। এর আগের দিন মঙ্গলবার বিকেলে ডিউককে মালিবাগে সিআইডি কার্যালয়ে ডেকে নিয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। গতকাল তাঁকে পুনরায় সিআইডি কার্যালয়ে তলব করা হয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ডিউক গতকাল বেলা তিনটায় সিআইডি কার্যালয়ে পৌঁছান। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর এ ঘটনার ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা কী ছিল, এ বিষয়েও ডিউককে জেরা করা হয়। জানা গেছে, ডিউকের কাছে তাঁর ভায়রা লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) সাইফুল ইসলাম জোয়ার্দার সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়েছে। সাইফুল ইসলাম জোয়ার্দার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পলাতক। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা জোট সরকারের আমলের শেষ দিকে ২১ আগস্ট হামলার ঘটনায় গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পালাতে সহায়তা করেন বলে অভিযোগ আছে। ইতিপূর্বে ডিজিএফআইয়ের সাবেক তিন কর্মকর্তা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন।