খালেদা জিয়ার ভাগ্নে ডিউককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ডিউক তাঁর একান্ত ব্যক্তিগত সহকারী-১ ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে মালিবাগে সিআইডি কার্যালয়ে তাঁকে প্রায় ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের কক্ষে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি জানায়, মামলার প্রয়োজনে ডিউককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তিনি সিআইডি কার্যালয়ে হাজির হন। মূলত ডিউকের কাছে তাঁর ভায়রা লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) সাইফুল ইসলাম জোয়ার্দ্দার-সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়। সিআইডি জানিয়েছে, প্রয়োজনে তাঁকে আবারও ডাকা হবে। সাইফুল ইসলাম জোয়ার্দ্দার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পলাতক। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা জোট সরকারের আমলের শেষ দিকে ২১ আগস্ট হামলার ঘটনায় জঙ্গিদের গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিনের জন্য ভিন্ন নামে পাসপোর্ট তৈরি করে তাঁকে বিদেশে পালাতে সহায়তা করেন বলে অভিযোগ আছে। ডিজিএফআইয়ের সাবেক তিন কর্মকর্তা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছেন।