খালেদা জিয়ার ভালোবাসা সন্তানদের প্রতি নয়, অর্থবিত্তের প্রতি: প্রধানমন্ত্রী
মা হিসেবে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার দায়িত্ববোধ নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একজন মা কীভাবে তাঁর অসুস্থ সন্তানদের দেখতে আগ্রহবোধ করেন না? যিনি অসুস্থ সন্তানদের পাশে থাকেন না, তিনি কীভাবে দেশের মানুষের পাশে থাকবেন?’আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিরোধী দলের কয়েকজন নেতা মন্তব্য করেছেন, দেশের পরিস্থিতি খারাপ বলে তিনি সন্তানদের দেখতে বিদেশে যেতে পারছেন না। অথচ এ কয়েক দিনে দেশের পরিস্থিতি কী এমন ভালো হয়েছে যে তিনি ওমরাহ পালন করতে গেছেন। আসলে তাঁর ভালোবাসা অর্থবিত্তের প্রতি, সন্তানদের প্রতি নয়।’১৫ আগস্টকে ‘কালো দিবস’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭১-এর পরাজিত শক্তিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি তাঁর আদর্শকেও হত্যা করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন হয়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। অচিরেই এ বিচারকার্যও সম্পন্ন হবে।বর্তমান বিদ্যুৎসমস্যা নিয়ে সরকারের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে তাঁর সরকার কিছু প্রকল্প হাতে নিয়েছে। সরকার এরই মধ্যে দুই হাজার ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন প্রকল্প অনুমোদন করেছে।প্রধানমন্ত্রী বলেন, ভাড়ায় বিদ্যুৎকেকন্দ্র স্থাপন করে বিদ্যুতের সমস্যা মোকাবিলা করা হচ্ছে। তবে তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত সরকারের রাজনীতিকীকরণের ফলে প্রশাসনিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ফলে, বিভিন্ন কাজ বাস্তবায়নে তাঁর সরকারকে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে।প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিএনপি-জামায়াত জোট দুর্নীতি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। আমরা জাতিকে এখান থেকে রক্ষা করার চেষ্টা করছি এবং বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের সাধারণ জনগণের মুখে হাসি ফোটাব।’ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে সাংসদ কামাল আহমেদ মজুমদার, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অর্থনীতিবিদ আবুল বারাকাত প্রমুখ বক্তব্য রাখেন। ইউএনবি