ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালপত্র সরানোর কাজ আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এসব মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।মালামাল সরানোর জন্য ছয়টি কাভার্ড ভ্যান আনা হয়েছে। বেলা একটা পর্যন্ত দুটি কাভার্ড ভ্যানে মাল বোঝাই করা হয়েছে। বেগম জিয়ার পরিবারের লোকজন মাল ওঠানোর কাজ তদারকি করছেন। সেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের ও গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন।ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুছ সাদাত সেলিম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, গত ১৩ নভেম্বর ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে যাওয়ার পরের দিন সকালে খালেদা জিয়ার গৃহকর্মী ইউনুসসহ তিনজন বাড়ির মালামালগুলো গণনা করেন। তাঁরা এর একটি তালিকাও তৈরি করেন। ১৮টি শীতাতপ যন্ত্র, ৪৮টি সোফা, পাঁচটি ফ্রিজ, ছয়টি টিভি, ২৪টি কার্টনে ভরে রাখা জিনিসপত্রসহ সবকিছু এ তালিকায় রয়েছে। তালিকা ধরে ধরে এসব মালামাল বুঝিয়ে দেওয়া হবে।ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নম্বর হোল্ডিংয়ের ১৬৫ কাঠার এ বিশাল আঙিনার দোতলা বাড়িতে ৩৮ বছর ধরে বসবাস করে আসছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। উচ্চ আদালতের আদেশে ওই বাড়িতে খালেদা জিয়ার বসবাসের সময়সীমা গত ১২ নভেম্বর শেষ হয়ে যায়। এরপরের দিন তাঁকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ক্যান্টনমেন্ট বোর্ড বাড়িটির দায়িত্ব বুঝে নেন। তবে বাড়িছাড়া হওয়ার পর খালেদা জিয়া অভিযোগ করেন, বল প্রয়োগ করে তাঁকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। অবশ্য আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ অস্বীকার করে।সূত্র জানায়, মালপত্র সরানোর পর খালেদা জিয়ার বাড়ির কী হবে, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব অল্প সময়ে বাড়িটি ভেঙে ফেলা হবে বলে জানা গেছে। ক্যান্টনমেন্টের এ বাড়িটি এ-১ শ্রেণীর ভূমি। সেনা বিধি অনুসারের সেনাবাহিনী ছাড়া কাউকে এ জমি ব্যবহার করতে দেওয়া যাবে না।