খালেদা জিয়ার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জেলা সফর, পেশাজীবী ও বিএনপির জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়।আজ শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার এই কর্মসূচি ঘোষণা করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কর্মসূচিতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশব্যাপী জনমত গঠন ও সংগঠনকে শক্তিশালী করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। কর্মসূচি অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর দিনাজপুর, ২৯ সেপ্টেম্বর রাজবাড়ী, ৬ অক্টোবর হবিগঞ্জ ও ৯ অক্টোবর বরিশাল সফর করবেন খালেদা জিয়া। কাল শনিবার থেকে তিনি বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় শুরু করবেন। খালেদা জিয়া কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ১০ সেপ্টম্বর প্রকৌশলী, ১২ সেপ্টেম্বর চিকিত্সক, ১৫ সেপ্টেম্বর সাংবাদিক-লেখক ও সাহিত্যিক, ১৭ সেপ্টেম্বর কৃষিবিদ, ১৮ সেপ্টেম্বর ডিপ্লোমা কৃষিবিদ, ২২ সেপ্টেম্বর ডিপ্লোমা প্রকৌশলী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ২৪ সেপ্টেম্বর আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।খালেদা জিয়া ১২টি সাংগঠনিক জেলার দলীয় নেতাদের সঙ্গে ঢাকায় তাঁর কার্যালয়ে মতবিনিময় করবেন। ৯ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে এই মতবিনিময় শুরু হবে। জেলাগুলো হচ্ছে গাজীপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা উত্তর ও দক্ষিণ, জামালপুর, ব্রাক্ষণবাড়িয়া, সিরাজগঞ্জ, লালমনিরহাট, বগুড়া, পাবনা ও ঠাকুরগাঁও। সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের নির্যাতনের পর যে মামলা করা হয়েছিল, তা নিম্ন আদালত খারিজ করে দিয়েছেন। এর বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন। ওই ঘটনা নিয়ে পুলিশের তদন্ত প্রতিবেদন পক্ষপাতমূলক ও বানোয়াট বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ তালুকদার, আবদুল লতিফ, আসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।