খালেদা জিয়ার রোডমার্চ বিলাসবহুল গাড়ির প্রদর্শনী: হানিফ
খালেদা জিয়ার রোডমার্চকে বিলাসবহুল গাড়ির প্রদর্শনী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, রোডমার্চের নামে তাঁরা জনদুর্ভোগ সৃষ্টি করেছে।আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে হানিফ এই মন্তব্য করেন।হানিফ বলেন, বিএনপির রোডমার্চের মাধ্যমে জনগণ দেখেছে, তাঁরা কীভাবে জনগণের টাকা লুট করে কোটি টাকার গাড়ির মালিক হয়েছেন। সরকার এই রোডমার্চে তাঁদের পূর্ণ নিরাপত্তা দিয়েছে। অথচ বিএনপি-জামায়াত সরকারের সময় আওয়ামী লীগের এ রকম কর্মসূচিতে তাঁরা গণগ্রেপ্তার থেকে শুরু করে নানা রকম নির্যাতন ও হয়রানি করেছিল।মাহবুব উল আলম হানিফ আরও বলেন, রোডমার্চের বক্তব্যে খালেদা জিয়া সাম্প্রদায়িকতাকে উসকে দিয়েছেন। তিনি অন্যের ধর্মবিশ্বাস নিয়ে কটাক্ষ করেছেন। খালেদা জিয়া অনৈসলামিক কাজ করছেন। অথচ তিনি অন্যের ধর্মবিশ্বাস নিয়ে সনদ দিচ্ছেন। তাঁর কাছে ইসলামের সনদ নিতে হলে এটা হবে চরম দুর্ভাগ্যজনক। উনি অন্যের ধর্ম নিয়ে কটাক্ষ করছেন। হানিফ বলেন, যাঁর নিজের ধর্মের প্রতি মন নেই, তাঁর অন্যের ধর্ম নিয়ে কটাক্ষ করারও অধিকার নেই। খালেদা জিয়া ভারত-বিরোধিতার সস্তা রাজনীতি ছাড়তে পারছেন না। এটা তাঁর পুরোনো অভ্যাস। তাঁদের এসব কর্মসূচিতে দেশবাসী বিক্ষুব্ধ ও শঙ্কিত।মাহবুব উল আলম হানিফ বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়ে বলেন, ‘সংসদে এসে দায়িত্বশীল বিরোধী দলের দায়িত্ব পালন করুন।